প্রথম শ্রেণিতে ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তির আবেদন শুরুর আগে একটি জন্মনিবন্ধন নম্বর দিয়ে একাধিক আবেদন করা যাবে কি না, তা নিয়ে অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, এবার বেসরকারি স্কুলে একটি জন্মনিবন্ধন নম্বর দিয়ে মাত্র একটি আবেদন করা যাবে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালা ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) নির্দেশনায় এমন কোনো নিষেধাজ্ঞার উল্লেখ নেই।
গত ১০ নভেম্বর প্রকাশিত শিক্ষার্থী ভর্তি নীতিমালা এবং ১৯ নভেম্বর মাউশির জারি করা পরিপত্র পর্যালোচনায় দেখা যায়, একজন শিক্ষার্থী একাধিক আবেদন করতে পারবেন না-এমন কোনো বিধান রাখা হয়নি। বরং প্রতিটি আবেদনে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দের সুযোগের কথা বলা হয়েছে।
ভর্তি নীতিমালায় কী বলা হয়েছে
মাউশির পরিপত্রের ২ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, প্রথম শ্রেণিতে ভর্তির আবেদনে প্রাপ্যতা অনুযায়ী প্রার্থীরা পছন্দের ক্রমানুসারে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় নির্বাচন করতে পারবেন। যেসব প্রতিষ্ঠানে দুটি শিফট রয়েছে, সেসব ক্ষেত্রে উভয় শিফট পছন্দ করলে তা দুটি পৃথক পছন্দক্রম হিসেবে গণ্য হবে। একই বিদ্যালয় বা শিফট দ্বিতীয়বার পছন্দ করা যাবে না।
এখানে ‘প্রতিটি আবেদনে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয়’ নির্বাচনের কথা বলা হয়েছে। অর্থাৎ, পাঁচটি পছন্দের সীমা প্রতিটি আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য; একজন শিক্ষার্থীর মোট আবেদনের ক্ষেত্রে নয়।
শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালা কিংবা মাউশির পরিপত্রে একটি জন্মনিবন্ধন নম্বর দিয়ে মাত্র একটি আবেদন করার বাধ্যবাধকতা নেই। ফলে বিগত বছরগুলোর মতো একাধিক আবেদন করার ক্ষেত্রে নীতিমালায় কোনো বাধা দেখা যাচ্ছে না।
আবেদন সীমিত করা হলে যেসব সমস্যা হতে পারে
রাজধানীর জনপ্রিয় বিদ্যালয়গুলোতে ভর্তির চাহিদা সবসময়ই বেশি থাকে। একজন শিক্ষার্থীকে মাত্র একটি আবেদনের সুযোগ দেওয়া হলে অভিভাবকেরা পছন্দের তালিকায় মূলত জনপ্রিয় বিদ্যালয়গুলোকে অগ্রাধিকার দিতে পারেন। এতে তুলনামূলক কম চাহিদাসম্পন্ন বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী সংকট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
উদাহরণ হিসেবে, কোনো অভিভাবক তার মেয়ের জন্য ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ও মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের দুটি করে শিফট পছন্দ করলে চারটি পছন্দক্রম পূরণ হয়ে যাবে। এরপর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ কিংবা মতিঝিল মডেল স্কুলের মতো অন্য কোনো প্রতিষ্ঠান বেছে নেওয়ার সুযোগ থাকবে মাত্র একটি।
এতে জনপ্রিয় বিদ্যালয়গুলোতে ভর্তির প্রতিযোগিতা বাড়তে পারে। একই সাথে রাজধানীর অনেক বিদ্যালয়ে আসন খালি থাকার আশঙ্কাও তৈরি হতে পারে।
ভর্তি নীতিমালার ৮.১ অনুচ্ছেদে লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকার পাশাপাশি সমসংখ্যক শিক্ষার্থীর অপেক্ষমাণ তালিকা তৈরির নির্দেশনা রয়েছে। আবেদন সীমিত করা হলে কম চাহিদাসম্পন্ন বিদ্যালয়গুলোর অপেক্ষমাণ তালিকা তৈরিতেও জটিলতা দেখা দিতে পারে।
আবেদন শুরু ১ ডিসেম্বর, লটারি ১৫ ডিসেম্বর
মাউশির প্রকাশিত সূচি অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হবে আগামী ১ ডিসেম্বর। আবেদন করা যাবে ১০ ডিসেম্বর পর্যন্ত। এরপর ১৫ ডিসেম্বর ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে।
ভর্তি আবেদনের বিস্তারিত নির্দেশিকা পাওয়া যাবে মাউশির ওয়েবসাইট (www.dshe.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইটে (www.teletalk.com.bd)।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অসমর্থিত তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত না নিয়ে অভিভাবকদের সরকারি ভর্তি নীতিমালা ও প্রকাশিত নির্দেশিকা অনুসরণের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

