তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিকে’ স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান শেষ পর্যন্ত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করায় আমি অত্যন্ত আনন্দিত।’ তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড-এর প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বার্তায় ট্রাম্প আরও উল্লেখ করেন, এই চুক্তির মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের একত্রিত হওয়া এবং দেশগুলোর নিজেদের সুরক্ষার সক্ষমতা বৃদ্ধির বিষয় স্পষ্ট হয়েছে। এ চুক্তিকে তিনি একটি বড়, সাহসী ও অবিশ্বাস্য পদক্ষেপ হিসেবে আখ্যা দেন।
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতকরণ এবং যৌথ নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে চলতি মাসের শুরুর দিকে এই ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তিতে সই করে দেশ তিনটি।
চুক্তিকে ‘কৌশলগত সংকল্পের’ প্রতীক উল্লেখ করে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, এই চুক্তি নির্দিষ্ট কোনো দেশকে লক্ষ্য করে করা হয়নি। তুরস্ক সব সময় উত্তেজনার চেয়ে কূটনীতি ও সংলাপকে প্রাধান্য দেয় এবং স্থায়ী শান্তি রক্ষায় ভূমিকা রাখবে।
‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির’ অন্যতম প্রধান শর্ত অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র আক্রমণকে তিনটি দেশের ওপরই হামলা হিসেবে বিবেচনা করা হবে। পাশাপাশি প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো এবং কৌশলগত সহযোগিতা জোরদার করাই এই চুক্তির মূল লক্ষ্য।


