...|...|...

জাতীয়

সৌদিগামী ১৪১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২১ হাজার যাত্রী

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, সকাল ৭:২৫ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৩২
Shares
সৌদিগামী ১৪১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২১ হাজার যাত্রী

ছবি: সংগৃহীত

ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী ১৪১টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ২১ হাজার ৯৩৩ জন যাত্রী।

শুক্রবার (২৩ অক্টোবর) রাত সোয়া ১১টার দিকে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ এ তথ্য জানান।

বেবিচকের তথ্য অনুযায়ী, গত ১০ অক্টোবর থেকে শুক্রবার রাত পর্যন্ত বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে ৬৬টি ছিল সরাসরি এবং ৭৫টি ট্রানজিট ফ্লাইট।

সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৭টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১৯টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১০টি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২৯টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, সালামএয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৭টি ও ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট বাতিল হয়েছে। এসব ফ্লাইটের বিভিন্ন দেশের বিমানবন্দর হয়ে রিয়াদ ও দাম্মামে পৌঁছানোর কথা ছিল। তবে সংশ্লিষ্ট দেশ থেকে ফ্লাইট বাতিল হওয়ায় এসব উড়োজাহাজ ঢাকা থেকে যাত্রী নেয়নি।

এর আগে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথির হামলার পর রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। দাম্মামেও হামলার ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মামে ফ্লাইট চলাচল বন্ধ রেখেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।