নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. রমজান আলী ওরফে রমজান সরকারের মাদক সেবনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত থেকে ফেসবুকে ছবিটি ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ছবিতে রমজান সরকারকে মাদক সেবন করতে দেখা যায় বলে দাবি করা হচ্ছে।
রমজান আলী জামপুর ইউনিয়নের পেচাইন এলাকার মৃত ঈমান আলীর ছেলে। তিনি ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বলেন, রমজান আলী দলীয় প্রভাব খাটিয়ে মাদকের একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছেন। তার বিরুদ্ধে নারী সংক্রান্ত অনৈতিক ব্যবসা এবং এশিয়ান হাইওয়ে সড়কে ডাকাতির অভিযোগও রয়েছে। এতে এলাকার যুব সমাজ ধ্বংস হচ্ছে। তারা দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. আল মুজাহিদ মল্লিক বলেন, অপরাধী যেই হোক সে আইনের ঊর্ধ্বে নয়। কারো অপরাধের দায় দল বহন করবে না।


