নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের অভিযানে পিস্তলসদৃশ গ্যাস লাইটারসহ চারজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের ব্যবহৃত একটি অটোরিকশাও জব্দ করা হয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার জামপুর ইউনিয়নের কলতাপাড়া সিনিয়র ফাজিল মাদ্রাসার পূর্ব পাশে আলমপুরাগামী পাকা সড়ক থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন-জামপুর ইউনিয়নের কলতাপাড়ার নাসির উদ্দিনের ছেলে আমিনুল মানিক (২০), কলতাপাড়ার হানিফার ছেলে ইমন (১৯), কলতাপাড়ার নবী হোসেনের ছেলে আলামিন (১৯) এবং কুমিল্লার চান্দিনা উপজেলার জিরো আইশ গ্রামের সাব্বির (২০)।
পুলিশ সূত্রে জানা গেছে, এএসআই নাসির উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ‘মাইক সেভেন’ ডিউটিতে থাকা অবস্থায় একটি অটোরিকশাকে থামার সংকেত দেন। এ সময় অটোরিকশায় থাকা ব্যক্তিরা পুলিশের সংকেত উপেক্ষা করে দ্রুত পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া দিয়ে অটোরিকশাসহ চারজনকে আটক করতে সক্ষম হয়।
খবর পেয়ে তালতলা তদন্ত কেন্দ্রের এসআই সেলিমসহ পুলিশের আরও সদস্য ঘটনাস্থলে উপস্থিত হন। পরে আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করা হয়। এ সময় জামপুর ইউনিয়নের কলতাপাড়া এলাকার নাসির উদ্দিনের ছেলে আমিনুল মানিকের (২০) পরনের প্যান্টের ডান কোমর থেকে লোহার তৈরি একটি পিস্তলসদৃশ গ্যাস লাইটার উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার করা বস্তুটির রিসিভারের পেছনে ও এক পাশে ইংরেজিতে ‘XINSHIG1 MADE IN CHINA’ এবং গোল চিহ্নের মধ্যে ‘GC’ লেখা রয়েছে। এতে ট্রিগার গার্ড রয়েছে এবং ব্যারেলের সামনের অংশ কালো টেপ দিয়ে মোড়ানো ছিল। এছাড়া গ্রিপের দুই পাশে ও পেছনের দিকে কাটা দাগ রয়েছে। পরে সেটি বিধি অনুযায়ী জব্দ করা হয়।
এ বিষয়ে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জসীম উদ্দীন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স। উদ্ধারকৃত খেলনা পিস্তল এবং অটো রিকশা পুলিশের হেফাজতে আছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


