সিরাজগঞ্জ কাজিপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নিশ্চিতপুর ইউনিয়নের ৬ নম্বর নৌকাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার ভদ্র শিমুল গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জুনায়েদ হোসেন (১৩) এবং সিরাজগঞ্জ সদর উপজেলার কাটাঙ্গা গ্রামের আব্দুল হালিমের ছেলে আরিফুর ইসলাম (১১)।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি স্থানীয় মাদরাসার তিন ছাত্র যমুনা নদীতে গোসল করতে নামে। এ সময় নদীর তীব্র স্রোতে জুনায়েদ ও আরিফুর ভেসে গিয়ে পানিতে তলিয়ে যায়। তাদের সাথে থাকা অপর এক ছাত্র কোনোভাবে সাঁতরে তীরে উঠতে সক্ষম হয় এবং বিষয়টি স্থানীয়দের জানায়।
খবর পেয়ে স্থানীয় জেলেরা দ্রুত নদীতে জাল ফেলে তল্লাশি শুরু করেন। দীর্ঘ চেষ্টার পর দুপুর ১২টার দিকে নদী থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান জানান, যমুনা নদীতে গোসল করতে নেমে দুই মাদরাসা ছাত্র পানিতে ডুবে মারা গেছে। খবর পেয়ে নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ি ও নৌপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত দুই শিক্ষার্থীর স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয়রা নদীতে গোসল ও চলাচলের ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।


