...|...|...

রাজশাহী

জয়পুরহাটে পৃথক দুর্ঘটনায় নিহত ২

জয়পুরহাট প্রতিনিধি
আপডেট: ২ দিন আগে
জয়পুরহাটে পৃথক দুর্ঘটনায় নিহত ২

জয়পুরহাটের পাঁচবিবি ও আক্কেলপুর উপজেলায় সড়ক ও রেলপথে পৃথক দুটি দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের নওদা গ্রামের রাশেদুল ইসলাম জনি (৪২) এবং পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার শাহাগড়া গ্রামের আশরাফুল ইসলাম (২৩)। আশরাফুলের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি থেকে তার পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তিনি রাজশাহীতে রাজমিস্ত্রির কাজ করতেন।

পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে রাশেদুল ইসলাম মোটরসাইকেলযোগে পাঁচবিবি বাজার এলাকায় যাচ্ছিলেন। পথে নাঙ্গলহাটি এলাকায় একটি মালবাহী ট্রাককে ওভারটেক করার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান। এ সময় তিনি ট্রাকের নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো. রায়হান বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছিল। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ট্রাকটি ছেড়ে দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে, সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস আক্কেলপুর রেলস্টেশনে যাত্রাবিরতি শেষে ধীরগতিতে স্টেশন ত্যাগ করছিল। এ সময় স্টেশনের উত্তর পাশে রেললাইনের ধারে অবস্থানরত আশরাফুল ইসলাম হঠাৎ ট্রেনের পেছনের একটি বগির নিচে চলে যান। এতে ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন,‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’