ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অভিষেকটা স্মরণীয় করে রাখলেন মেহেদী হাসান মিরাজ। বল হাতে দুর্দান্ত পারফর্ম করে ৪ ওভারে মাত্র ১৩ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। বাংলাদেশের অলরাউন্ডারের দুর্দান্ত বোলিংয়ে সেন্ট লুসিয়া কিংসকে হারিয়ে ৪ উইকেটের জয় পেয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মিরাজ ও অধিনায়ক ইমরান তাহিরের ঘূর্ণিতে ১৮.৫ ওভারে ১১৯ রানে অলআউট হয় সেন্ট লুসিয়া। জবাবে ৯ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় গায়ানা।
ম্যাচের সপ্তম ওভারে আক্রমণে আসেন মিরাজ। নিজের প্রথম ওভারেই জন ক্যাম্পবেলকে ফিরিয়ে দেন তিনি। সেই ওভারে দেন ৬ রান। দ্বিতীয় ওভারে খরচ করেন মাত্র ৪ রান।
তৃতীয় ওভারে আরও ভয়ংকর হয়ে ওঠেন মিরাজ। ওভারের প্রথম বলেই কেমল স্যাভরিকে এলবিডব্লিউ করেন। পরে একই ওভারের শেষ বলে চারিথ আসালাঙ্কাকেও সাজঘরে ফেরান তিনি। ফলে ১১ ওভার শেষে ৭২ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে সেন্ট লুসিয়া।
শেষ ওভারে আর কোনো উইকেট না পেলেও নিজের চার ওভারের স্পেলে মিরাজ দেন মাত্র ১৩ রান। অন্য প্রান্তে অধিনায়ক ইমরান তাহির ছিলেন আরও বিধ্বংসী। ৪ ওভারে ১৭ রান খরচায় তিনি শিকার করেন ৫ উইকেট।
সেন্ট লুসিয়ার হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন কামিল পুরান। তার ইনিংসের পরও দলকে বড় সংগ্রহ এনে দিতে পারেনি কেউ। শেষ পর্যন্ত ১১৯ রানেই থামে তাদের ইনিংস।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় গায়ানা। ১৩ রানে মাভেন্দ্র দিনদিয়ালের উইকেট হারায় তারা। এরপর গ্লেন ফিলিপসের ৩৭, শাই হোপের ২১ এবং কুইন্টন স্যাম্পসনের অপরাজিত ৩৭ রানের ইনিংসে জয় নিশ্চিত করে গায়ানা। ব্যাট হাতে মিরাজ অবশ্য ৪ বলে ১ রান করে আউট হন।
এই জয়ে ৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে সিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। অন্যদিকে ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে সেন্ট লুসিয়া কিংস।


