প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন বন্দরনগরী সফরকে ঘিরে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকিতে না গিয়ে সিএমপির প্রতিটি পুলিশ সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও সতর্কতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) বিকালে দামপাড়া পুলিশ লাইন্স মাঠে আয়োজিত এক বিশেষ নিরাপত্তা ব্রিফিং প্যারেডে সভাপতি হিসেবে উপস্থিত থেকে এ নির্দেশ প্রদান করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী।
নগর পুলিশ প্রধান তার বক্তব্যে স্পষ্ট করেন, ভিভিআইপি সফরের নিরাপত্তা নিশ্চিতকরণে বিন্দুমাত্র গাফিলতি সহ্য করা হবে না। নিরাপত্তা বাহিনীর বিভিন্ন উইং ও ইউনিটের মধ্যে নিবিড় সমন্বয় বজায় রেখে যেকোনো অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবিলায় চটজলদি পদক্ষেপ নেওয়ার জন্য দায়িত্বরতদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
ব্রিফিং প্যারেডে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মুহাম্মদ ফয়সাল আহম্মেদসহ সিএমপির পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


