হবিগঞ্জের বাহুবলে স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে সিএনজি ও ইজিবাইক চালকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বাহুবল বাজারের বকুলতলা স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে সিএনজি ও ইজিবাইক চালকদের মধ্যে প্রথমে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে অন্যান্য চালকরাও সংঘর্ষে জড়িয়ে পড়েন।
কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় কয়েকটি দোকানপাটে ভাঙচুরের ঘটনাও ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন তালুকদার জানান, বাজারের বকুলতলা স্ট্যান্ড দখল নিয়ে তাদের মাঝে সংঘর্ষ হলে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে।


