...|...|...

বিনোদন

সালমান খানের বাড়িতে ডিউটিরত কনস্টেবলের মৃত্যু

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৮ আগস্ট ২০২৬, দুপুর ২:৫১ | আপডেট: ২৪ আগস্ট ২০২৬, রাত ৯:৫৫
Shares
সালমান খানের বাড়িতে ডিউটিরত কনস্টেবলের মৃত্যু

বলিউড সুপারস্টার সালমান খান। ছবি: সংগৃহীত

বলিউড সুপারস্টার সালমান খানের ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’-এর বাইরে নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ কনস্টেবলের আকস্মিক মৃত্যু হয়েছে। 

হৃদরোগে আক্রান্ত হয়ে ডিউটি চলাকালীনই মারা যান ৪১ বছর বয়সী আইনশৃঙ্খলা বাহিনীর ওই সদস্য। পুলিশ জানিয়েছে, মৃত কনস্টেবলের নাম গণেশ রায়তে।

জানা গেছে, শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে দায়িত্ব পালনের সময় হঠাৎ অসুস্থ বোধ করেন গণেশ, এরপর মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সহকর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে কাছের ভাবা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান, তবে চিকিৎসকরা পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের প্রাথমিক ধারণা, হৃদরোগেই তার মৃত্যু হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, কারাবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ও তার সহযোগীদের ধারাবাহিক হুমকির কারণে বর্তমানে ‘ওয়াই প্লাস’ শ্রেণির কড়া নিরাপত্তায় থাকেন সালমান খান।

২০২৪ সালের এপ্রিলে বান্দ্রায় তার আবাসনের সামনে দুই বাইকআরোহী গুলি চালিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছিল। তদন্তে সেই হামলার সাথে বিষ্ণোই গ্যাংয়ের সংশ্লিষ্টতা পাওয়া যায়। জানা যায়, অভিনেতাকে ভয় দেখাতেই এই হামলা চালানো হয়েছিল।

এরপর থেকেই তার বাসভবনের নিরাপত্তা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয় এবং তার চলাফেরার ওপর রাখা হয় কড়া নজরদারি।

এই কড়া নিরাপত্তা ও নজরদারি নিয়ে সম্প্রতি গণমাধ্যমের সামনে নিজের অনুভূতি প্রকাশ করেছিলেন সালমান খান নিজেও।

তিনি বলেছিলেন, ভাগ্য বা ঈশ্বরের ওপরই সবকিছু নির্ভরশীল, তবে সার্বক্ষণিক নিরাপত্তারক্ষী পরিবেষ্টিত থেকে চলাফেরা করাটা মাঝেমধ্যে কষ্টকর মনে হয় তার কাছে।

তবে কনস্টেবলের এই মৃত্যু নিয়ে সালমান বা তার পরিবারের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।