লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ফাইনালে জাফনা কিংসকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে গল গ্যালান্টস। লিগ পর্বে সবার ওপরে থেকে ফাইনালে ওঠা জাফনা বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান ও তাওহীদ হৃদয়কে নিয়েও শিরোপা জয়ের স্বপ্ন পূরণ করতে পারেনি।
কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে ফাইনালে আগে ব্যাট করে ১৯.৩ ওভারে মাত্র ১২৩ রানে অলআউট হয় জাফনা। জবাবে ১৫.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় গল।
গলের হয়ে বল হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন এশান মালিঙ্গা ও চারিথ আসালাঙ্কা। দুজন মিলে জাফনার ৬ উইকেট তুলে নেন। ফাইনালে ৩ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারিও হন মালিঙ্গা। পুরো আসরে ৯.৩২ ইকোনমি রেটে তার শিকার ১৭ উইকেট।
জাফনার ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৪১ রান করেন কামিল মিশারা। ৩২ বলের ইনিংসে তিনি চারটি চার ও একটি ছক্কা হাঁকান। চামিন্দু বিক্রমেসিংহে করেন ২৫ রান।
তবে বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও তাওহীদ হৃদয় ব্যাট হাতে ব্যর্থ হন। হৃদয় ১০ বলে ১০ রান করে ফেরেন, আর সাকিব ১৩ বলে করেন ৯ রান।
১২৪ রানের লক্ষ্য তাড়ায় প্রথম ওভারেই স্যাম হার্পারকে হারায় গল। এরপর টম রজার্সের ২৭ বলে ৩৪ রানের ইনিংসে ঘুরে দাঁড়ায় তারা। তবে নবম ওভারে বল হাতে জ্বলে ওঠেন সাকিব। পরপর দুই বলে রজার্স ও দিনুড়া কালুপাহানাকে ফিরিয়ে ম্যাচে উত্তেজনা ফেরান তিনি। কালুপাহানা করেন ১৯ বলে ৩১ রান।
এরপর চামিকা করুণারত্নে ফিরলেও গলের জয়ের পথে আর বাধা হয়ে দাঁড়াতে পারেনি জাফনা। দাসুন শানাকা ও সহান আরাচ্চিগের দায়িত্বশীল ব্যাটিংয়ে ২৫ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় নিশ্চিত করে গল গ্যালান্টস।
এ জয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো এলপিএলের শিরোপা ঘরে তুলল গল গ্যালান্টস।
সংক্ষিপ্ত স্কোর
জাফনা কিংস: ১২৩/১০ (১৯.৩ ওভার)
গল গ্যালান্টস: ১২৬/৫ (১৫.৫ ওভার)
ফলাফল: গল গ্যালান্টস ৫ উইকেটে জয়ী
ম্যাচসেরা: চারিথ আসালাঙ্কা
সিরিজসেরা: কামিল মিশারা


