...|...|...

জাতীয়

সরকারি ব্যয় কমাতে মোটা ও সাদা কাপড় পরেন প্রধানমন্ত্রী: চিফ হুইপ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:১১
Shares
সরকারি ব্যয় কমাতে মোটা ও সাদা কাপড় পরেন প্রধানমন্ত্রী: চিফ হুইপ

চিফ হুইপ নুরুল ইসলাম মনি। ছবি: সংগৃহীত

সরকারি অর্থের অপচয় রোধে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই মিতব্যয়িতার দৃষ্টান্ত তৈরি করেছেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন চিফ হুইপ।

নুরুল ইসলাম মনি বলেন, আগের সরকারের রেখে যাওয়া ঋণ পরিশোধেও বর্তমান সরকার কাজ করছে। গত পাঁচ মাসে ২০৫ কোটি ডলার ঋণ পরিশোধ করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, রাষ্ট্রের কোষাগারের অর্থ জনগণের ট্যাক্সের টাকা। এই অর্থ কোনোভাবেই অপচয় করা যাবে না। এ কারণে কোনো এমপি বা মন্ত্রী সরকারি কাজে বাইরে গিয়ে খরচের দাবি করলে তার যথাযথ কাগজপত্র দিতে হবে, যাতে সরকারি অর্থের অপচয় না হয়।

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত মিতব্যয়িতার উদাহরণ তুলে ধরে চিফ হুইপ বলেন, তারেক রহমান নিজে সাদা ও মোটা কাপড় পরেন। রাষ্ট্রীয় অর্থের এক টাকাও যেন অপ্রয়োজনে ব্যয় না হয়, এ বিষয়ে তিনি সতর্ক।

সরকারি কার্যক্রমেও প্রধানমন্ত্রীর ব্যয় কমানোর উদ্যোগের কথা জানান নুরুল ইসলাম মনি। তিনি বলেন, প্রধানমন্ত্রী বিমানবন্দরে যাতায়াত কমিয়েছেন। তার জন্য আলাদা গাড়ি ও বড় লোকবহরও নেই। এমনকি তিনি নিজের অফিসেই খাবার খান।

প্রধানমন্ত্রীর দপ্তরের খাবারের ব্যয়ের প্রসঙ্গ তুলে ধরে চিফ হুইপ দাবি করেন, আগের সরকারের আমলে প্রধানমন্ত্রীর অফিসের খাবারে বছরে ৩৫ কোটি টাকা ব্যয় হয়েছে। বিপরীতে বর্তমান প্রধানমন্ত্রীর একজনের খাবারের বিল ১৫০ টাকা।

নুরুল ইসলাম মনি বলেন, এসব উদ্যোগ দেখানোর জন্য নয়; প্রধানমন্ত্রী বাস্তবেই মিতব্যয়ী জীবনযাপন করছেন এবং সরকারি অর্থ সাশ্রয়ে গুরুত্ব দিচ্ছেন।