...|...|...

জাতীয়

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানোর দাবি যৌক্তিক: প্রতিমন্ত্রী

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৭ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৬:৩৭ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৬, রাত ১:৫২
Shares
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানোর দাবি যৌক্তিক: প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন গ্রেড আপগ্রেড করার দাবিকে যৌক্তিক বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

তিনি বলেছেন, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার মতো দেশগুলোতে প্রথমে সরকারি কর্মচারীদের সুযোগ-সুবিধা বাড়ানো হয়েছে, এরপর দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলাদেশেও এমন উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

শুক্রবার (৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নুরুল হক নুর।

প্রতিমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে অর্থমন্ত্রী সংসদে বক্তব্য দিয়েছেন। প্রধানমন্ত্রীর সম্মতিতে বিষয়টি বাস্তবায়ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, দেশের প্রশাসনকে টপ-টু-বটম জনবান্ধব ও সাধারণ মানুষের সেবামুখী হতে হবে। সরকারি অফিস-আদালতে সেবা নিতে এসে যাতে মানুষ কোনো ধরনের হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।

প্রবাসীদের ভোগান্তি কমাতে শিগগিরই ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করে নুরুল হক নুর বলেন, যারা ছাত্র-জনতার ওপর নির্যাতন চালিয়ে দেশকে অস্থিতিশীল করেছিল, তারা এখনো বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি অভিযোগ করেন, সরকারকে অস্থিতিশীল করার নানা চেষ্টা চলছে।

এ সময় তিনি সচিবালয় ঘেরাওয়ের মতো কর্মসূচিতে উসকানিতে পা না দেওয়ার আহ্বান জানান। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার পরামর্শ দেন প্রতিমন্ত্রী।