...|...|...

বিশ্ব

সন্তান জন্মের পর পরিবারের সাথে দেখা করতে চাওয়ায় স্বামীর হাতে খুন কিশোরী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, সকাল ৯:১৫
Shares
সন্তান জন্মের পর পরিবারের সাথে দেখা করতে চাওয়ায় স্বামীর হাতে খুন কিশোরী

ছবি: সংগৃহীত

সন্তান জন্ম দেওয়ার দুই সপ্তাহেরও কম সময় পর স্বামীর হাতে নিহত হয়েছেন ইরানের ১৪ বছর বয়সী এক কিশোরী। পরিবারের সাথে দেখা করতে চাওয়াকে কেন্দ্র করে বিরোধের পর তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে মানবাধিকারকর্মীরা জানিয়েছেন।

ইরানের ন্যাশনাল কাউন্সিল অব রেজিস্ট্যান্সের (এনসিআরআই) নারী কমিটির তথ্য অনুযায়ী, গত ৬ নভেম্বর কেরমান প্রদেশে সোগান্দ মোশতারেকি নামের ওই কিশোরীকে হত্যা করা হয়। তার স্বামী হত্যার কথা স্বীকার করেছেন এবং কারণ হিসেবে ‘পারিবারিক বিরোধ’-এর কথা বলেছেন।

মাত্র ১৩ বছর বয়সে সোগান্দের বিয়ে হয়েছিল। হত্যাকাণ্ডের দুই সপ্তাহেরও কম সময় আগে তিনি একটি সন্তানের জন্ম দেন। অন্তঃসত্ত্বা অবস্থায় একটি সড়ক দুর্ঘটনা থেকেও বেঁচে গিয়েছিলেন তিনি।

ইরান হিউম্যান রাইটসকে (আইএইচআর) সোগান্দের বাবা জানান, তার মেয়েকে পরিবারের সাথে কথা বলতে দেওয়া হতো না। স্বামী বাইরে গেলে তাকে ঘরের ভেতর তালাবদ্ধ করে রাখতেন বলেও অভিযোগ করেন তিনি। আইএইচআর জানিয়েছে, অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করা হয়েছে।

একই দিন ইরানের দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশে স্বামীর হাতে আরেক তরুণী নিহত হন। ২১ বছর বয়সী অন্তঃসত্ত্বা সেপিদেহ রাইসি নির্যাতনকারী স্বামীকে তালাক দিতে চাওয়ায় তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এনসিআরআই জানিয়েছে, সেপিদেহও বাল্যবিয়ের শিকার ছিলেন। মাত্র ১৩ বছর বয়সে তার বিয়ে হয়েছিল। মৃত্যুর সময় তিনি অন্তঃসত্ত্বা ছিলেন এবং তার তিন বছর বয়সী একটি সন্তান রয়েছে।

সংস্থাটির ভাষ্য, ইরানে জোরপূর্বক বাল্যবিয়ের শিকার মেয়েরা ‘শিক্ষা, ব্যক্তিগত বিকাশ এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার অধিকার থেকে বঞ্চিত হয়’।

মানবাধিকার সংস্থাগুলোর হিসাবে, শুধু গত মাসেই ইরানে ২৪টি ‘ফেমিসাইড’ বা লিঙ্গভিত্তিক হত্যাকাণ্ডের খবর পাওয়া গেছে। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে সতর্ক করা হয়েছে, কারণ অনেক ঘটনাই প্রকাশ্যে আসে না।

এর আগে ১৯ বছর বয়সী অন্তঃসত্ত্বা হেলিয়া ফাত্তাহিকে তার বাবা-মা হত্যা করেছেন বলে অভিযোগ ওঠে। কয়েক দিন আগে তিনি পরিবারকে জানিয়েছিলেন, তিনি দুই মাসের অন্তঃসত্ত্বা।

হেঙ্গাও অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস জানিয়েছে, হেলিয়ার বাবা ভোরিয়া ফাত্তাহি ও মা লাইলা ভেইসি মেয়ের বিরুদ্ধে অভিযোগ জানাতে শনিবার আদালতে গিয়েছিলেন। পরে বাড়ি ফিরে তারা হেলিয়াকে জোর করে প্রায় ৩০টি খিঁচুনিবিরোধী ওষুধ খাওয়ান এবং মারধর করেন বলে অভিযোগ রয়েছে।

হেলিয়া তখনো জীবিত ছিলেন বুঝতে পেরে বালিশচাপা দিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয় বলেও অভিযোগ করেছে হেঙ্গাও।

জরুরি চিকিৎসাকর্মীরা বাড়িতে পৌঁছালে হেলিয়ার বাবা-মা তাকে হত্যার কথা স্বীকার করেন বলে সংস্থাটি জানিয়েছে। পরে ওই দিনই পুলিশ তাদের গ্রেফতার করে।