...|...|...

বিশ্ব

ইয়েমেনে ৪ প্রদেশে বিমান হামলা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, সকাল ৯:৩০
Shares
ইয়েমেনে ৪ প্রদেশে বিমান হামলা

ছবি: সংগৃহীত

ইয়েমেনে আবারও সামরিক উত্তেজনা বেড়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) দেশটির সরকারি বাহিনী দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়েজ ও উত্তরাঞ্চলীয় আল-জাওফ প্রদেশে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথির অবস্থান ও যানবাহন লক্ষ্য করে হামলা চালানোর কথা জানিয়েছে। অন্যদিকে হুথিরা অভিযোগ করেছে, তায়েজ, আল-হুদায়দা ও সা’দা প্রদেশে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব।

বার্তা সংস্থা আনাদোলুর বরাতে জানা গেছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় লাহজ প্রদেশে একটি টহল দলের ওপর বিস্ফোরণের ঘটনায় আহত এক নিরাপত্তা কর্মকর্তা পরে মারা গেছেন।

এদিকে তায়েজে সরকারি অবরোধবিষয়ক দপ্তর জানিয়েছে, গত আগস্ট থেকে প্রদেশটিতে হুথির হামলায় ২০০ জনের বেশি নারী ও শিশু নিহত বা আহত হয়েছেন।

শুক্রবার এক বিবৃতিতে ইয়েমেনের সেনাবাহিনী জানায়, দক্ষিণ তায়েজের আল-আকরা ফ্রন্টে মাউন্ট ধাহিহ এলাকায় হুথিদের অবস্থান লক্ষ্য করে যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয়েছে। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানানো হয়নি।

তায়েজের দক্ষিণ প্রবেশপথের কাছে অবস্থান এবং শহরের বড় অংশ পর্যবেক্ষণের সুযোগ থাকায় মাউন্ট সাবিরের নিকটবর্তী আল-আকরা ফ্রন্টটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।

অন্যদিকে আল-জাওফে হুথিদের যানবাহন লক্ষ্য করে কয়েকটি ফ্রন্টে ড্রোন হামলা চালিয়েছে সরকারি বাহিনী। ইয়েমেনি সেনাবাহিনীর আনুষ্ঠানিক ওয়েবসাইট ‘সেপ্টেম্বর নেট’ এ তথ্য জানিয়েছে।

ওয়েবসাইটে হামলার ভিডিও প্রকাশ করা হলেও এর ফলাফল বা ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানানো হয়নি।

সৌদি আরবের সাথে স্থলসীমান্ত থাকায় আল-জাওফ প্রদেশটির কৌশলগত গুরুত্ব রয়েছে। পাশাপাশি এটি হুথি-নিয়ন্ত্রিত সা’দা, আমরান ও সানা প্রদেশের কাছাকাছি এবং সরকারি বাহিনীর প্রভাবাধীন তেলসমৃদ্ধ হাদরামাউত ও মারিব প্রদেশেরও নিকটবর্তী।

আল-জাওফের সামরিক নিয়ন্ত্রণ সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে বিভক্ত। প্রাদেশিক রাজধানী আল-হাজমসহ বেশ কয়েকটি এলাকা নিয়ন্ত্রণ করছে হুথিরা।