মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের লছনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে সিলেটগামী আল-মোবারক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি বাসের চাপায় দুমড়ে-মুচড়ে যায়।
খবর পেয়ে সাতগাঁও হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত সিএনজির ভেতর থেকে তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করেন।
নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তারা সবাই সিএনজির যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের লছনা এলাকায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছেন। খবর পেয়ে আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।


