দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়-এর বিদায়ী সিনেমা ‘জনা নায়াগান’ মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করেছে। নানা জটিলতা কাটিয়ে প্রেক্ষাগৃহে আসা সিনেমাটি মুক্তির দ্বিতীয় সপ্তাহেও বক্স অফিসে শক্ত অবস্থান ধরে রেখেছে। ইতোমধ্যে ভারতের বাজারে ২০০ কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ করেছে ছবিটি।
বক্স অফিস বিশ্লেষণভিত্তিক প্রতিষ্ঠান স্যাকনিল্ক-এর তথ্য অনুযায়ী, মুক্তির ১৩তম দিনে সিনেমাটি ভারতে প্রায় ২ কোটি ১০ লাখ রুপি আয় করেছে। এর ফলে দেশীয় বাজারে ছবিটির নিট সংগ্রহ দাঁড়িয়েছে ১৮১ কোটি ৫৫ লাখ রুপিতে। আন্তর্জাতিক আয় যোগ করলে বিশ্বব্যাপী মোট সংগ্রহ পৌঁছেছে প্রায় ৩০৩ কোটি ৭৪ লাখ রুপিতে।
ছবিটির আয়ের বড় অংশই এসেছে তামিল সংস্করণ থেকে। ১৩তম দিনে তামিল ভাষার সংস্করণে আয় হয়েছে প্রায় ১ কোটি ৮০ লাখ রুপি। অন্যদিকে হিন্দি সংস্করণে আয় হয়েছে প্রায় ২৮ লাখ রুপি এবং তেলুগু সংস্করণে প্রায় ২ লাখ রুপি। বিদেশি বাজারেও ছবিটি ভালো অবস্থানে রয়েছে, যেখানে আয় পৌঁছেছে প্রায় ৯২ কোটি রুপিতে।
দীর্ঘদিন ধরেই নানা কারণে পিছিয়ে যাচ্ছিল ‘জনা নায়াগান’-এর মুক্তি। ফলে সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বেড়ে যায়। একই সময়ে হলিউডের বড় বাজেটের স্পাইডার ম্যান, ব্রান্ড নিউ ডে, এবং দ্য অডিসি মুক্তি পেলেও সেই প্রতিযোগিতার মধ্যেও দর্শক টানতে সক্ষম হয়েছে বিজয়ের রাজনৈতিক অ্যাকশন-ড্রামা।
ভক্তদের কাছে সিনেমাটির বিশেষ গুরুত্বের অন্যতম কারণ, এটি বড় পর্দায় থালাপতি বিজয়-এর শেষ অভিনীত চলচ্চিত্র। অভিনয় জীবন থেকে বিদায় নিয়ে তিনি পূর্ণাঙ্গভাবে রাজনীতিতে মনোযোগ দিয়েছেন এবং বর্তমানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রিয় তারকাকে শেষবারের মতো বড় পর্দায় দেখার আবেগই দর্শকদের সিনেমা হলে টেনে আনছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সিনেমাটি পরিচালনা করেছেন এইচ. বিনোথ। গত ২৩ জুলাই মুক্তিপ্রাপ্ত এই ছবিতে বিজয়ের বিপরীতে অভিনয় করেছেন পূজা হেগড়ে। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ববি দেওল, মমিথা বাইজু এবং প্রকাশ রাজ।
সব মিলিয়ে বক্স অফিসে দারুণ সাফল্য, দর্শকদের আবেগ এবং তারকাবহুল অভিনয়ের সমন্বয়ে ‘জনা নায়াগান’ বিজয়ের ক্যারিয়ারের স্মরণীয় বিদায় হিসেবে বিনোদন অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।


