...|...|...

সারাদেশ

সন্তানকে প্ল্যাটফর্মে রেখে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: ১ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৭:১৮ | আপডেট: ১৯ আগস্ট ২০২৬, রাত ১০:০৫
Shares
সন্তানকে প্ল্যাটফর্মে রেখে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা

চুয়াডাঙ্গার দর্শনা হল্ট স্টেশনে চার বছরের এক শিশুকে প্ল্যাটফর্মে রেখে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নিলুফা বেগম নামের এক নারী আত্মহত্যা করেছেন।

শুক্রবার (৩১ জুলাই) রাতে দর্শনা হল্ট স্টেশনে এ ঘটনা ঘটে। নিলুফা (২৯) চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিহিকৃষ্ণপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে প্রবেশের মুহূর্তে ওই নারী তার সাথে থাকা প্রায় চার বছর বয়সী শিশুটিকে প্ল্যাটফর্মে রেখে হঠাৎ রেললাইনে ঝাঁপ দেন।

চলন্ত ট্রেনের আঘাতে তিনি গুরুতর আহত হন। ঘটনার পর স্থানীয় লোকজন ও রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রেলওয়ে পুলিশ জানায়, নিহত নারীর কাছে থাকা মুঠোফোনের মাধ্যমে তার স্বজনদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়েছে। 

দর্শনা হল্ট স্টেশনের জিআরপি ফাঁড়ির ইনচার্জ এস আই রফিক জানান, প্রাথমিক তদন্তে জেনেছি, মেয়েটি দীর্ঘদিন ধরে রোগে ভুগছিল। মানসিক অস্থিরতায় তিনি ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন। ময়নাতদন্তের পর শনিবার দুপুরে পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে। পরিবারের কাছ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।