...|...|...

ক্যাম্পাস

শিবিরের ‘সাথী’ পদ হারালেন রাকসুর জিএস আম্মার

রাবি প্রতিনিধি
প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, রাত ১:৫৩ | আপডেট: ১ অক্টোবর ২০২৬, সকাল ৮:২০
Shares
শিবিরের ‘সাথী’ পদ হারালেন রাকসুর জিএস আম্মার

রাকসু জিএস সালাউদ্দিন আম্মার। ছবি: সংগৃহীত

মেয়েদের সাথে অবাধ বিচরণ, অবৈধ অর্থনৈতিক লেনদেন ও সম্পদের তসরুপসহ একাধিক অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মারের বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ‘সাথী’ পদ বাতিল করেছে সংগঠনটি। 

শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক হাফেজ মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি ২০২৫ সালের। কিছু অনিয়মের অভিযোগে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

শাখা শিবিরের সভাপতি মুজাহিদ ফয়সালের গত ৩১ জুলাই সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া ওই চিঠি অনুযায়ী, আম্মারের বিরুদ্ধে নৈতিক পদস্খলন, মৌলিক ইবাদত পালনে উদাসীনতা, মেয়েদের সাথে অবাধ বিচরণ, অবৈধ অর্থনৈতিক লেনদেন ও সম্পদের তসরুপ এবং সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে।

চিঠিতে বলা হয়, এসব অভিযোগের পর ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের মাসিক সেক্রেটারিয়েট সভায় আম্মারের ‘সাথী’ পদ মূলতবি করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে উত্থাপিত অভিযোগগুলোর যথাযথ জবাব দিতে ব্যর্থ হওয়ায় সেপ্টেম্বরের মাসিক সেক্রেটারিয়েট সভায় তার সাথী পদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

চিঠিতে আরও বলা হয়, আম্মারের কর্মকাণ্ড এবং ক্ষেত্রবিশেষে ফৌজদারি অপরাধে জড়িত হওয়ার কারণে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে বলে সংগঠনটি মনে করছে। তার অনলাইন ও অফলাইন কর্মকাণ্ডে ইতিবাচক বা নেতিবাচক কোনো মন্তব্য কিংবা প্রতিক্রিয়া না দেখাতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়। তবে রাকসুর নির্বাচিত দায়িত্বশীলদের তার সাথে দাফতরিক যোগাযোগ রাখার কথা বলা হয়।

এর আগে, ২০২৫ সালের ৪ ফেব্রুয়ারি শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার তৎকালীন সভাপতি ও বর্তমানে রাকসুর সহসভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদের সই করা এক চিঠিতেও আম্মারের বিরুদ্ধে অভিযোগের কথা উল্লেখ করা হয়। ওই চিঠিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী মহানগর ও জেলা কমিটিতে অর্থের বিনিময়ে পদ বাণিজ্যের অভিযোগের কথা বলা হয়।

চিঠিতে আরও বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও রিপোর্টের মাধ্যমে বিষয়টি শাখা শিবিরের নজরে আসে। পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও প্ল্যাটফর্ম থেকে আম্মারের বিরুদ্ধে নৈতিক পদস্খলনের কয়েকটি অভিযোগও সংগঠনটির কাছে আসে। এসব অভিযোগ নিয়ে ২০২৫ সালের ৩ ফেব্রুয়ারি শাখার মাসিক সেক্রেটারিয়েট সভায় আলোচনা হয় এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে তার সাথী পদ মূলতবি করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে, রাকসু নির্বাচনে শিবিরের ‘ডামি প্যানেল’ হিসেবে আলোচিত ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেল থেকে জিএস নির্বাচিত হন সালাউদ্দিন আম্মার। ওই প্যানেলের ভিপি প্রার্থী মেহেদী সজীব পরবর্তী সময়ে শাখা শিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক হিসেবে আত্মপ্রকাশ করেন। আম্মারের সাথী পদ বাতিলের বিষয়টি সামনে আসার পর প্যানেলটি নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে আম্মারের বক্তব্য পাওয়া যায়নি। তার সাথে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা এবং মুঠোফোনে ক্ষুদে বার্তা পাঠানো হলেও তিনি কোনো মন্তব্য করেননি।