নতুনধারা বাংলাদেশ (এনডিবি)-এর চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, শিক্ষা, সংবাদ ও সংস্কৃতিই মববাজদের প্রধান শত্রু। এসব ক্ষেত্রকে লক্ষ্য করেই ধারাবাহিকভাবে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হচ্ছে।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত ‘পুড়ছে দেশ-সমাজ : জাতির করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ও উদীচীতে হামলা-ভাঙচুর, সাংবাদিক নূরুল কবীরের ওপর হামলা, খুলনায় প্রেস ক্লাব সভাপতিকে গুলি করে হত্যা এবং ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যার পর লাশে আগুন দেওয়ার ঘটনা প্রমাণ করে—এই গোষ্ঠী শিক্ষা, সংবাদ ও সংস্কৃতিকে ভয় পায়।
মোমিন মেহেদী আরও বলেন, দেশ যদি প্রকৃত দেশপ্রেমিক শক্তির দ্বারা পরিচালিত হতো, তাহলে একের পর এক এমন ঘটনা ঘটার সুযোগ পেত না দেশ ও মানবতাবিরোধী শক্তি। ঘটনার পরপরই সুষ্ঠু তদন্ত, দোষীদের গ্রেফতার ও বিচারের মাধ্যমে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা যেত।
এনডিবি ঢাকা মহানগর উত্তর আয়োজিত সভায় সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি ওয়াজেদ রানা। এতে বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত পলাশ, সাধারণ সম্পাদক আল মামুন মন্ডলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় নেতারা বলেন, যারা রাজনীতির নামে অপরাজনীতি ও সন্ত্রাসে লিপ্ত, জনগণ তাদের আর বরদাশত করবে না। দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেবে সাহসী জনতা।

