...|...|...

শিক্ষা

৯ম শিক্ষক নিয়োগ পরীক্ষার পদ্ধতি জানাল মন্ত্রণালয়

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, রাত ১০:০০ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, রাত ১০:২০
Shares
৯ম শিক্ষক নিয়োগ পরীক্ষার পদ্ধতি জানাল মন্ত্রণালয়

ছবি: সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের পরীক্ষা তিন ধাপে নেওয়ার পরিকল্পনা করছে সরকার। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হতে পারে। তবে পরীক্ষার পদ্ধতি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এদিকে বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমের কারণে ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশে আরও দেরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শিক্ষক নিয়োগ পরীক্ষার সিলেবাস ইতোমধ্যে অনুমোদন দেওয়া হয়েছে। তবে পরীক্ষা কী পদ্ধতিতে নেওয়া হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা রয়েছে। নবম শিক্ষক নিয়োগ পরীক্ষায় তিন ধাপে প্রার্থী বাছাইয়ের বিষয়ে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সূত্রের তথ্য অনুযায়ী, অন্তর্বর্তী সরকার শিক্ষক নিয়োগের পদ্ধতি নির্ধারণ করে যে গেজেট প্রকাশ করেছিল, তাতে এমসিকিউ ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচনের কথা বলা হয়। তবে বর্তমান সরকার আগের পদ্ধতিতে ফিরে গিয়ে এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ কার্যক্রম পরিচালনা করতে আগ্রহী। এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

নবম শিক্ষক নিয়োগ পরীক্ষায় তিন ধাপে প্রার্থী বাছাইয়ের পদ্ধতি অনুসরণের নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী বলে জানা গেছে। এ জন্য নতুন করে পরিপত্র জারির প্রয়োজন হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, শিক্ষক নিয়োগসংক্রান্ত গেজেটে বাছাই পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচনের বিধান থাকায় পরীক্ষার ধাপ নির্ধারণ করা সম্ভব।

নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা তিন ধাপে-এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নেওয়ার সম্ভাবনাই বেশি। গেজেটে বাছাই পরীক্ষার কথা উল্লেখ রয়েছে। বাছাই পরীক্ষা কয় ধাপে হবে, তা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নির্বাহী বোর্ড চূড়ান্ত করবে।’

এদিকে প্রায় তিন বছর হতে চললেও ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি এনটিআরসিএ। সংস্থাটি একাধিকবার বিজ্ঞপ্তি প্রকাশের উদ্যোগ নিলেও বিভিন্ন কারণে তা বাস্তবায়ন হয়নি। নতুন করে কয়েকটি গুরুত্বপূর্ণ কার্যক্রম সামনে আসায় বিজ্ঞপ্তি প্রকাশ আরও বিলম্বিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে এনটিআরসিএ জানিয়েছে, ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা রয়েছে।

এনটিআরসিএ সূত্রে জানা গেছে, বেসরকারি শিক্ষকদের বদলি, শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা-এই তিনটি কার্যক্রমের কারণে নতুন নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশে দেরি হতে পারে।

সূত্র জানায়, এনটিআরসিএর একাংশের মত, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা উচিত। অন্য একটি অংশ শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধি-সংক্রান্ত পরিপত্র জারির পর বিজ্ঞপ্তি প্রকাশের পক্ষে। ফলে এসব কার্যক্রম শেষ করতে গিয়ে নতুন নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের সময় আরও পিছিয়ে যেতে পারে।

নাম প্রকাশ না করার শর্তে এনটিআরসিএর এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের আগে বেশ কিছু সমস্যার সমাধান করতে হবে। বিষয়গুলো নিয়ে কাজ চলছে। ফলে বিজ্ঞপ্তি কবে প্রকাশ করা হবে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না।’