শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। তবে পূজার ছুটির সাথে সমন্বয় করতে আগামী শনিবার (১৭ অক্টোবর) দেশের সব তফসিলি ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সম্প্রতি এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূজার ছুটি সমন্বয়ের অংশ হিসেবে ১৭ অক্টোবর স্বাভাবিক সময়সূচি অনুযায়ী ব্যাংকিং কার্যক্রম চলবে। অন্যদিকে, ২০, ২১ ও ২২ অক্টোবর সরকারি ছুটির কারণে দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এসডিএডি) মো. আব্দুল মান্নানের সই করা বিজ্ঞপ্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ অক্টোবরের প্রজ্ঞাপনের কথা উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার পোর্ট ও কাস্টমস এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা ও বুথগুলোতে আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত পরিসরে চালু রাখতে হবে। এ ক্ষেত্রে ২০ থেকে ২২ অক্টোবর সরকারি ছুটির দিন এবং ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটির দিনেও প্রয়োজনীয় কার্যক্রম চলমান রাখতে হবে। এ জন্য স্থানীয় প্রশাসন এবং বন্দর বা কাস্টমস কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ব্যাংকগুলো যথাযথ ব্যবস্থা নিতে পারবে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এর আগে গত ৭ অক্টোবর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এক দিন ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২০ অক্টোবর মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে এবং ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত ছিল। পরে ২২ অক্টোবরও নির্বাহী আদেশে ছুটি দেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়।
ফলে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন পূজার ছুটি থাকবে। এর পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় সরকারি ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের অবকাশ তৈরি হয়েছে।
এই ছুটির সাথে সমন্বয় করতে ১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ফলে ওই দিন দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসও খোলা থাকবে।


