...|...|...

অর্থনীতি

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা দিল সোনালী ব্যাংক

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, রাত ৮:৫৯
Shares
ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা দিল সোনালী ব্যাংক

ছবি: সংগৃহীত

ব্যাংকিং খাতে স্থিতিশীলতা বজায় রাখা এবং ন্যাশনাল ব্যাংকের আর্থিক পুনরুদ্ধার কার্যক্রমে সহায়তা করতে ৭ হাজার কোটি টাকা দিচ্ছে সোনালী ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির বিপরীতে তিন মাসের মেয়াদে এ অর্থায়ন করা হবে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সোনালী ব্যাংকের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

সোনালী ব্যাংক জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা ও দিকনির্দেশনায় দুই ব্যাংকের মধ্যে পারস্পরিক সহযোগিতার অংশ হিসেবে এ অর্থ দেওয়া হচ্ছে। এর ফলে ন্যাশনাল ব্যাংকের তাৎক্ষণিক তারল্য সংকট মোকাবিলা এবং আর্থিক পুনরুদ্ধার কার্যক্রম গতিশীল করতে সহায়তা মিলবে বলে আশা করছে ব্যাংকটি।

সোনালী ব্যাংক আরও জানায়, বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির বিপরীতে অতীতেও বিভিন্ন ব্যাংককে অর্থায়ন করেছে তারা। এসব উদ্যোগের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর তারল্য ব্যবস্থাপনা ও আর্থিক পুনরুদ্ধারে সহায়তা করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ওই অর্থ ফেরত পাওয়ার নজিরও রয়েছে।

এদিকে ন্যাশনাল ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ব্যাংকটির আর্থিক পরিস্থিতির উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে খেলাপি ঋণ আদায়, আর্থিক সক্ষমতা পুনরুদ্ধার এবং গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।

এ পরিস্থিতিতে সোনালী ব্যাংকের দেওয়া ৭ হাজার কোটি টাকার অর্থায়ন ন্যাশনাল ব্যাংকের তাৎক্ষণিক তারল্য চাহিদা পূরণ এবং পুনরুদ্ধার কার্যক্রম এগিয়ে নিতে ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।