...|...|...

অর্থনীতি

ন্যাশনাল ব্যাংককে ১০ হাজার কোটি টাকা ঋণ দেবে সোনালী ব্যাংক

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, রাত ১১:২৬ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, রাত ১:১৮
Shares
ন্যাশনাল ব্যাংককে ১০ হাজার কোটি টাকা ঋণ দেবে সোনালী ব্যাংক

ছবি: সংগৃহীত

তারল্য সংকট মোকাবিলা এবং আমানতকারীদের অর্থ উত্তোলনের চাহিদা পূরণে ন্যাশনাল ব্যাংককে ১০ হাজার কোটি টাকা ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সোনালী ব্যাংক। এ ঋণের বিপরীতে গ্যারান্টি দেবে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১২ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে আমানত ফেরত পেতে রবিবার (১১ অক্টোবর) থেকে গ্রাহকদের আবেদন নেওয়া শুরু করে ন্যাশনাল ব্যাংক। দুই দিনে প্রায় সাড়ে সাত হাজার গ্রাহক আমানত ফেরতের জন্য আবেদন করেছেন বলে জানা গেছে। আগামী ১৫ অক্টোবর থেকে গ্রাহকদের চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলনের সুযোগ দেওয়ার কথা রয়েছে ব্যাংকটির।

জানা গেছে, গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সাথে ন্যাশনাল ব্যাংক পিএলসির চেয়ারম্যান অধ্যাপক ড. মেলিতা মেহজাবীন ও ব্যবস্থাপনা পরিচালক জাফর আহমেদের বৈঠক হয়। সকাল ১০টায় অনুষ্ঠিত ওই বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, ড. মো. কবির আহাম্মদ, মো. সরোয়ার হোসেন ও মো. আনিছুর রহমান উপস্থিত ছিলেন।

বৈঠকে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান জানান, বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক বিভিন্ন পদক্ষেপের ফলে ব্যাংকটিতে সুশাসন নিশ্চিত করা সম্ভব হয়েছে। পাশাপাশি ব্যাংকের দক্ষতা ও কার্যক্ষমতা বাড়াতে ঊর্ধ্বতন ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেন, ন্যাশনাল ব্যাংকের বর্তমান তারল্য পরিস্থিতি এবং আমানতকারীদের অর্থ উত্তোলনের চাহিদার বিষয়টি কেন্দ্রীয় ব্যাংকের নজরদারিতে রয়েছে। আমানতকারীদের স্বার্থ রক্ষা, ব্যাংকিং ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা বজায় রাখা এবং ব্যাংকটির কার্যক্রম সুশৃঙ্খল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

বিশেষ করে ন্যাশনাল ব্যাংকের সব আমানতকারী যাতে প্রয়োজন অনুযায়ী নিজেদের জমা অর্থ উত্তোলন করতে পারেন, তা নিশ্চিত করতে ব্যাংক কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়।

এ ছাড়া আগামী ১৫ অক্টোবর থেকে ন্যাশনাল ব্যাংকের সব শাখা ও এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থের সরবরাহ নিশ্চিত করার নির্দেশনাও দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।