...|...|...

খেলা

লেস্টার ছেড়ে তাহলে কোথায় যাচ্ছেন হামজা?

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, রাত ১১:১৬ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:০৯
Shares
লেস্টার ছেড়ে তাহলে কোথায় যাচ্ছেন হামজা?

ছবি: সংগৃহীত

দীর্ঘ ১১ বছর ধরে লেস্টার সিটির সাথে আছেন হামজা চৌধুরী। মাঝে ধার হিসেবে বার্টন আলবিয়ন, ওয়াটফোর্ড ও শেফিল্ড ইউনাইটেডে খেললেও বারবার ফিরেছেন পুরনো ডেরাতেই। তবে এবার পাকাভাবেই এই ইংলিশ ক্লাবটি ছাড়তে পারেন বাংলাদেশি মিডফিল্ডার।

সম্প্রতি কারাবাও কাপে ইপসউইচ টাউনের মুখোমুখি হয়েছিল লেস্টার সিটি। পোর্টম্যান রোডে ৩-১ ব্যবধানে হারা সেই ম্যাচে মূল একাদশে জায়গা পাননি হামজা। ম্যাচ শেষে তার দলবদল নিয়ে প্রশ্নের মুখে পড়েন লেস্টার কোচ রাসেল মার্টিন। তিনি বলেন, ‘হামজা থেকে গেলে খুব ভালো হয়। আর চলে গেলেও তা দুই পক্ষের সম্মতিতেই হতে হবে। তবে চুক্তি অনুযায়ী সে এখনো লেস্টারেরই খেলোয়াড়।’

দলবদলের টানাপোড়েনের কারণেই মূলত হামজাকে বাইরে রাখছেন কোচ। মার্টিন পরিষ্কার জানিয়ে দেন, ‘যেকোনো সময় দলবদল হতে পারে। তাই এই মুহূর্তে তাকে খেলাচ্ছি না। এর মানে এই নয় সে কোনো ভুল করেছে। সিদ্ধান্তটা পুরোটাই আমার।’

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম লেস্টার মার্কারি জানায়, ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে হামজাকে দলে টানতে জোর চেষ্টা চালাচ্ছে ডার্বি কাউন্টি। শুধু হামজা নন; ভাউট ফায়েস, কুলো ওয়ো ও স্তেফি মাভিদিদিকে নিয়েও অন্যান্য ক্লাবের আগ্রহ রয়েছে। লেস্টার কোচের ভাষ্য, ‘অনেকেই তাদের নিতে চায়, তবে চূড়ান্ত কিছু হয়নি। যারা শেষ পর্যন্ত দলে থাকবে, তাদের নিয়েই আমি পরিকল্পনা সাজাব।’

লেস্টারের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬৬ ম্যাচ খেলেছেন হামজা। ঝুলিতে রয়েছে ৩টি গোল ও ৪টি অ্যাসিস্ট। দলটির হয়ে ২০২০-২১ মৌসুমে এফএ কাপ ও কমিউনিটি শিল্ড জেতার পর ২০২৩-২৪ মৌসুমে জেতেন চ্যাম্পিয়নশিপের শিরোপা।

একসময় লেস্টারের হয়ে প্রিমিয়ার লিগ মাতানো এই ডিফেন্সিভ মিডফিল্ডার লাল-সবুজের জার্সিতে অভিষেকের পর থেকেই জাতীয় দলের অন্যতম ভরসা। বাংলাদেশের হয়ে ১০ ম্যাচে করেছেন ৪ গোল ও ১ অ্যাসিস্ট।