...|...|...

আইন ও আদালত

নভোথিয়েটারের সাবেক মহাপরিচালক ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৭:৩৬ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৬, রাত ১২:৩১
Shares
নভোথিয়েটারের সাবেক মহাপরিচালক ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ছবি : সংগৃহীত

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও কানাডায় অর্থ পাচারের অভিযোগে নভোথিয়েটারের সাবেক মহাপরিচালক (অবসরপ্রাপ্ত) আরশাদ উল্লাহ এবং তার স্ত্রী রেবেকা আক্তারের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির শুনানি শেষে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্র জানায়, আরশাদ উল্লাহ ও তার স্ত্রী রেবেকা আক্তারের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং কানাডায় অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে সংস্থাটি। এ অভিযোগ তদন্তে দুদকের পক্ষ থেকে দুই সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।

এর আগে দুদকের সহকারী পরিচালক মো. আব্দুল মালেক আদালতে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে চলে গেলে চলমান অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

দুদকের আবেদনে আরও উল্লেখ করা হয়, বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আরশাদ উল্লাহ ও তার স্ত্রী বিদেশে যাওয়ার চেষ্টা করতে পারেন। তাই অভিযোগের সুষ্ঠু অনুসন্ধান ও প্রয়োজনীয় আইনি কার্যক্রম নিশ্চিত করতে তাদের বিদেশ গমন সাময়িকভাবে বন্ধ রাখা জরুরি।

আদালতের এ আদেশের ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আরশাদ উল্লাহ ও রেবেকা আক্তার দেশের বাইরে যেতে পারবেন না। অভিযোগের বিষয়ে দুদকের অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।

দুদক জানিয়েছে, অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।