ক্রিস্টিয়ানো রোনালদোর বিয়ের খবর ছড়িয়ে পড়তেই পর্তুগালের মাদেইরায় তৈরি হয়েছিল ব্যাপক উন্মাদনা। দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করবেন পর্তুগিজ ফুটবল তারকা—এমন খবরে শত শত মানুষ ক্যামেরা ও মুঠোফোন হাতে জড়ো হন ফুনশাল ক্যাথেড্রালের সামনে। তবে শেষ পর্যন্ত রোনালদো-জর্জিনা নয়, অন্য এক দম্পতির বিয়ে দেখেই ফিরতে হয়েছে ভক্তদের।
স্থানীয় সময় শনিবার বিকেলে মাদেইরার ফুনশাল ক্যাথেড্রালের সামনে ভিড় করেন কৌতূহলী মানুষ। ইউরোপের কয়েকটি সংবাদমাধ্যমে রোনালদো ও জর্জিনার বিয়ের তারিখ ও স্থান নিয়ে খবর প্রকাশের পরই সেখানে ভক্তদের ঢল নামে।
তবে নির্ধারিত সময়ে ক্যাথেড্রালে বিয়ে করতে আসেন নিকোল ও ফাবিও নামের এক দম্পতি। নিকোলের গির্জায় প্রবেশের সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষ বুঝতে পারেন, তারা যাকে দেখতে এসেছেন, তিনি রোনালদো নন।
পরে বিষয়টি নিশ্চিত করে ফুনশাল ক্যাথেড্রাল কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগমাধ্যমে নিকোল ও ফাবিওকে শুভেচ্ছা জানিয়ে দেওয়া এক পোস্টে তারা জানায়, রোনালদোর বিয়ের গুঞ্জনের কারণে ক্যাথেড্রালের বাইরে সাংবাদিক ও পর্যটকদের ভিড় হয়েছিল। এমন পরিস্থিতি আগে কখনো দেখেনি বলেও জানায় কর্তৃপক্ষ।
এমনকি মানুষের ভিড়ের কারণে নিকোলের গির্জায় প্রবেশ করাও কঠিন হয়ে পড়েছিল।
রোনালদো ও জর্জিনার বিয়ের গুঞ্জনের সূত্র অবশ্য একেবারে ভিত্তিহীন ছিল না। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’ দাবি করেছিল, শনিবার মাদেইরায় তাদের বিয়ে হওয়ার কথা রয়েছে। শুধু তারিখ ও স্থান নয়, অনুষ্ঠানের সময়, ফুনশালের স্যাভয় প্যালেসে আয়োজন এবং অতিথিদের সম্ভাব্য তালিকা নিয়েও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছিল।
তবে শেষ পর্যন্ত পুরো বিষয়টিই গুজব হিসেবে প্রমাণিত হয়। রোনালদোর পরিবারের পক্ষ থেকেও এ খবর নাকচ করা হয়। তার বোন এলমা আভেইরো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তোলেন, রোনালদো নিজে বিয়ের ঘোষণা না দিলে মানুষ কেন ধরে নিচ্ছে তিনি বিয়ে করতে যাচ্ছেন।
এদিকে রোনালদোও বিষয়টি নিয়ে মজার প্রতিক্রিয়া জানিয়েছেন। মাদেইরার একটি সংবাদমাধ্যমের ইনস্টাগ্রামে ক্যাথেড্রালের সামনে ভিড়ের ছবি দেখে হাসির ইমোজি দিয়েছেন আল নাসর তারকা।
ফলে রোনালদোর বিয়ের আশায় জড়ো হওয়া ভক্তদের শেষ পর্যন্ত ফিরতে হয়েছে শুধুই এক গুজবের স্মৃতি নিয়ে।


