আর্জেন্টিনার রোমাঞ্চকর জয়, আলভারেজের অবিশ্বাস্য গোল, বিশ্বকাপে সব মিলিয়ে মেসির ১০ম অ্যাসিস্ট ও বিতর্কিত লাল কার্ড—এসবের সঙ্গে আলোচনায় মেসি–রেফারি বাগ্যুদ্ধও। ম্যাচের প্রথামার্ধে উত্তেজিত হয়ে রেফারিকে কী বলেছিলেন মেসি?
ম্যাচের ৪৩ মিনিটে সুইজারল্যান্ডের ফ্রি-কিক পাওয়ার আগমুহূর্তে ঘটনাটি ঘটে। মেসি তখন আর্জেন্টিনার রক্ষণভাগের দেয়ালে দাঁড়িয়েছিলেন। রেফারি পিনেইরো তাকে নির্দিষ্ট দূরত্বে পিছিয়ে যেতে বলেন।
কিন্তু রেফারির সুর ও অঙ্গভঙ্গিতে ক্ষুব্ধ হন মেসি। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে আর্জেন্টাইন কিংবদন্তি তাৎক্ষণিক জবাবে রেফারিকে বলেন, ‘আমার সঙ্গে ঠিকভাবে কথা বলুন।’
উত্তেজনা সেখানেই থামেনি। ফ্রি-কিক নেওয়ার পর ক্যামেরায় তাদের আবার কথা বলতে দেখা যায়। মেসি পুনরায় রেফারির কাছে গিয়ে বলেন, ‘আমার সঙ্গে ঠিকভাবে কথা বলুন। আমাকে অসম্মান করবেন না। আমি আপনার সঙ্গে ঠিকভাবে কথা বলেছি, আপনিও আমার সঙ্গে ঠিকভাবে কথা বলুন।’
এই ম্যাচের রেফারি আরও একটি কারণে আলোচনায় এসেছেন। ম্যাচের ৭২ মিনিটে সুইস ফরোয়ার্ড ব্রিল এমবোলোকে ডাইভ দেওয়ার কারণে দ্বিতীয় হলুদ কার্ড দেখান। তার এই সিদ্ধান্ত বিতর্ক ছড়িয়েছে।


