মানুষের জীবনে রিজিক একটি গুরুত্বপূর্ণ বিষয়। শুধু অর্থ-সম্পদ নয়, সুস্বাস্থ্য, মানসিক প্রশান্তি, নেক সন্তান এবং সময়ের বরকতও রিজিকের অন্তর্ভুক্ত। কোরআন ও হাদিসে এমন কিছু আমলের কথা বর্ণনা করা হয়েছে, যেগুলো নিয়মিত পালনের মাধ্যমে জীবনে রিজিকের বরকত লাভ করা যায়।
ইসলামি বর্ণনা অনুযায়ী, গুরুত্বপূর্ণ এমন পাঁচটি আমল হলো-
১. নিয়মিত নামাজ আদায়
নামাজ মানুষের জীবনে আল্লাহর রহমত ও প্রশান্তি নিয়ে আসে। যারা নিয়মিত নামাজ আদায় করেন, আল্লাহ তাদের জীবনে বরকত দান করেন।
আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার পরিবারের লোকদের নামাজের আদেশ দাও এবং নিজেও এর ওপর দৃঢ় থাকো। আমি তোমার কাছে রিজিক চাই না। রিজিক তো আমিই দেব। (সুরা তহা: ১৩২)
২. বেশি বেশি ইস্তিগফার করা
ইস্তিগফার বা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা এমন একটি আমল, যা গুনাহ মাফের পাশাপাশি রিজিক বৃদ্ধির মাধ্যম হতে পারে। কোরআনে ইস্তিগফারের মাধ্যমে বৃষ্টি, সম্পদ ও সন্তান বৃদ্ধির কথা উল্লেখ করা হয়েছে।
আল্লাহ তাআলা বলেন, তোমাদের প্রতিপালকের ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। (এর ফলে) তিনি আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধনসম্পদ ও সন্তানসন্ততি বাড়িয়ে দেবেন।
(সুরা নুহ: ১০-১২)
৩. দান-সদকা করা
দান-সদকা মানুষের বিপদাপদ দূর করে, গুনাহ মাফের কারণ হয় এবং আল্লাহর রহমত লাভের মাধ্যমে রিজিকে বরকত নিয়ে আসে।
হজরত আবদুর রহমান ইবনে আউফ (রা.) থেকে বর্ণিত, নবীজি (সা.) বলেন, দান-সদকার ফলে সম্পদ কমে না, তোমরা (অধিক পরিমাণে) সদকা করো।
(মুসনাদে আহমদ: ১৬৭৪)
৪. আল্লাহর ওপর ভরসা রাখা
আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও নির্ভরতা মানুষের অন্তরে প্রশান্তি আনে। হাদিসে আল্লাহর ওপর যথাযথ ভরসাকারীদের জন্য বিশেষ রিজিকের সুসংবাদের কথা বলা হয়েছে।
হজরত ওমর ইবনে খাত্তাব (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, তোমরা যদি আল্লাহর ওপর যথাযথ ভরসা করতে, তাহলে তিনি পাখির মতো তোমাদের রিজিক দিতেন। পাখি সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে।
(জামে তিরমিজি: ২৩৪৪)
৫. আল্লাহভীতি বা তাকওয়া অবলম্বন করা
আল্লাহকে ভয় করা এবং তার নির্দেশনা মেনে চলার মাধ্যমে জীবনে কল্যাণ ও বরকত আসে। পবিত্র কোরআনে আল্লাহভীরুদের জন্য সংকট থেকে উত্তরণ ও অপ্রত্যাশিত উৎস থেকে রিজিক দেওয়ার কথা বলা হয়েছে।
আল্লাহ তাআলা বলেন, যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার জন্য সংকট থেকে উত্তরণের পথ সহজ করে দেবেন এবং তাকে ধারণাতীত জায়গা থেকে রিজিক দেবেন।
(সুরা তালাক: ২-৩)
কোরআন ও হাদিসে বর্ণিত এসব আমল নিয়মিত পালনের মাধ্যমে মানুষ আল্লাহর সন্তুষ্টি লাভের পাশাপাশি জীবনে বরকত ও কল্যাণের আশা করতে পারেন।


