...|...|...

বিশ্ব

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:১৭ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:৪০
Shares
রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি

ছবি: সংগৃহীত

রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নিতে উত্তর কোরিয়া আরও ১০ হাজার সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) জেলেনস্কি জানান, বর্তমানে রাশিয়ার ভূখণ্ডে ৮ হাজারের বেশি উত্তর কোরীয় সেনা অবস্থান করছে। নতুন তথ্যের বরাত দিয়ে তিনি বলেন, আরও ১০ হাজার সেনাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং পরে তাদের রাশিয়ায় মোতায়েন করা হতে পারে।

জেলেনস্কির দাবি, রাশিয়ায় মোতায়েনের জন্য উত্তর কোরীয় সেনাদের বাছাই ও প্রশিক্ষণ কার্যক্রম চলছে। তবে এ বিষয়ে রাশিয়া বা উত্তর কোরিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে আগস্ট মাসে ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছিলেন, রাশিয়ার হয়ে লড়াই করার জন্য উত্তর কোরিয়া থেকে সর্বোচ্চ ৫০ হাজার সেনা পাঠানো হতে পারে। একই সঙ্গে তিনি ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে দক্ষিণ কোরিয়ার সহায়তা চেয়েছিলেন।

গত জুলাইয়ে দক্ষিণ কোরিয়া ইউক্রেনের জন্য ১০ কোটি ডলারের একটি সহায়তা প্যাকেজ ঘোষণা করেছিল। তবে ওই সহায়তা প্যাকেজে কোনো প্রাণঘাতী অস্ত্র ছিল না।

এদিকে, গত সপ্তাহে জেলেনস্কি জানিয়েছিলেন, ইউক্রেনের হাতে আটক দুই উত্তর কোরীয় সেনাকে দক্ষিণ কোরিয়ার কাছে হস্তান্তর করা হয়েছে। এই বিষয়টি নিয়ে সিউল ও কিয়েভের মধ্যে মতপার্থক্য তৈরি হওয়ার পরই নতুন করে উত্তর কোরীয় সেনা মোতায়েনের বিষয়ে মন্তব্য করলেন তিনি।