...|...|...

ক্যাম্পাস

রাবি মেডিকেল সেন্টারে ছাত্রশিবিরের অ্যাম্বুলেন্স হস্তান্তর

রাবি প্রতিনিধি
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:২০
Shares
রাবি মেডিকেল সেন্টারে ছাত্রশিবিরের অ্যাম্বুলেন্স হস্তান্তর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মেডিকেল সেন্টারের চিকিৎসাসেবা জোরদারে একটি অ্যাম্বুলেন্স দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসক ডা. মাহফুজা সিদ্দিকা লিপির কাছে অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করেন সংগঠনটির নেতৃবৃন্দ।

অ্যাম্বুলেন্স হস্তান্তর শেষে রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, মেডিকেল সংস্কারের জন্য ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে ২০২৫ সালের শুরুতেই সংস্কার প্রস্তাবনা দেওয়া হয়েছিল। শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটেরও মেডিকেল সংস্কার নিয়ে ইশতেহার ছিল। সেই ধারাবাহিকতায় আজ আমাদের পক্ষ থেকে একটি অ্যাম্বুলেন্স বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে হস্তান্তর করা হলো। আমরা মনে করি, এর মাধ্যমে মেডিকেল সংস্কারের একটি ধাপ অতিক্রান্ত হলো।

তিনি আরও বলেন, মেডিকেলে লজিস্টিক সাপোর্ট ও বিশেষায়িত চিকিৎসকের বিষয়ে আমরা বারবার বিশ্ববিদ্যালয় প্রশাসন ও মেডিকেল সেন্টারের পরিচালকের সাথে বসেছি। আশা করি, মেডিকেল সেন্টারটি খুব দ্রুত পূর্ণাঙ্গ মেডিকেলে রূপ নেবে। আমরা ইশতেহারে বলেছিলাম, এখানে যেন ১০ শয্যার পূর্ণাঙ্গ হাসপাতাল করা হয়। আশা করি, এই প্রশাসনের হাত ধরেই সেটি বাস্তবায়ন হবে।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক ও রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, রাবি শাখা ছাত্রশিবিরের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য এই অ্যাম্বুলেন্সটি দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের অন্যতম বড় সমস্যা হচ্ছে মেডিকেল সেন্টারের সেবা। এই সমস্যার উন্নয়নে আমরা আজ অ্যাম্বুলেন্সটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করেছি। দলমত নির্বিশেষে শিক্ষার্থীদের জন্যই আমরা এই উপহারটি দিয়েছি।

তিনি বলেন, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বোঝাতে চাচ্ছি যে, এসব কাজ করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব। প্রশাসন যেন এসব কাজে এগিয়ে আসে এবং শিক্ষার্থীদের সমস্যাগুলো গুরুত্বের সাথে দেখে। প্রতিষ্ঠার এত বছর পরও একটি পূর্ণাঙ্গ মেডিকেল প্রতিষ্ঠা করতে না পারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বড় ব্যর্থতা।

বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসক ডা. মাহফুজা সিদ্দিকা লিপি বলেন, ‘রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কাছে হওয়ায় আমাদের সবসময় রোগীদের সেখানে যাতায়াত করতে হয়। অনেক সময় একটি অ্যাম্বুলেন্স রোগী নিয়ে যাওয়ার পর আরেকটি রোগী পরিবহনের ক্ষেত্রে সংকট দেখা দেয়। এখন নতুন অ্যাম্বুলেন্সটি যুক্ত হওয়ায় প্রশাসন একজন চালক নিয়োগ দিলেই আমাদের সংকট থাকবে না। এটি শিক্ষার্থীদের চিকিৎসাসেবায় অবশ্যই কাজে লাগবে।’

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. এএইচএম খুরশীদ আলম, রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল, সেক্রেটারি হাফেজ মেহেদী হাসানসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।