বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন-পূর্ববর্তী আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে অনির্দিষ্টকালের শ্রমিক ধর্মঘটের কারণে রাজশাহীর সাথে আন্তঃজেলা ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) ভোর ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয়।
ধর্মঘটের কারণে রাজশাহী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে আন্তঃজেলা ও দূরপাল্লার সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকা রুটের কোচ চলাচল স্বাভাবিক রয়েছে। বাস চলাচল বন্ধের সমর্থনে শ্রমিকদের একটি পক্ষ রাজপথে অবস্থান নিয়েছে।
শ্রমিক নেতারা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর সংগঠনের তৎকালীন সহসভাপতি রফিকুল ইসলাম পাখি সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে সংগঠন পরিচালনা করে আসছিলেন। এ নিয়ে শ্রমিকদের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ বিরাজ করছিল।
তাদের দাবির পরিপ্রেক্ষিতে প্রায় তিন মাস আগে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফে ডারেশন আগের কমিটি ভেঙে নতুন কমিটি ঘোষণা করে। তবে ঘোষিত কমিটির সভাপতি রফিকুল ইসলাম পাখি ও সাধারণ সম্পাদক মমিনের সমর্থকদের মধ্যে বিরোধ সৃষ্টি হওয়ায় জেলা প্রশাসনের হস্তক্ষেপে সেই কমিটির কার্যক্রম স্থগিত করা হয়।
চলমান সংকট নিরসনে সোমবার (১৩ জুলাই) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নির্বাচন-পূর্ববর্তী পাঁচ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়।
শ্রমিকদের অভিযোগ, ওই কমিটিতে বাস মালিক সমিতির নেতা নজরুল ইসলাম হেলালকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হলে তারা এর প্রতিবাদ জানান। একপর্যায়ে শ্রমিক প্রতিনিধিরা বৈঠক বর্জন করে বেরিয়ে আসেন এবং অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধের ঘোষণা দেন।
এদিকে আকস্মিকভাবে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন রাজশাহী থেকে বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী সাধারণ যাত্রীরা। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্টদের সাথে আলোচনা চলছে।

