...|...|...

জাতীয়

রাজনৈতিক প্রতিহিংসার কারণে হাদিকে হত্যার পরিকল্পনা: ডিএমপি

রাজনৈতিক প্রতিহিংসার কারণে হাদিকে হত্যার পরিকল্পনা: ডিএমপি

Times Today
প্রকাশ: ১১ মে ২০২৬, ভোর রাত ৪:১৮ | আপডেট: ২০ আগস্ট ২০২৬, রাত ৮:৫১
Shares
রাজনৈতিক প্রতিহিংসার কারণে হাদিকে হত্যার পরিকল্পনা: ডিএমপি


ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশেই হাদিকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। বাপ্পি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শফিকুল ইসলাম।

তিনি জানান, সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনকে আসামি করে হত্যা মামলার অভিযোগপত্র দিয়েছে গোয়েন্দা পুলিশ।

পতিত (আওয়ামী লীগ) সরকারের বিরুদ্ধে হাদি সোচ্চার ছিলেন উল্লেখ করে  তিনি বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে হত্যা করা হয়েছে।’

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, হাদি হত্যা মামলার অভিযোগপত্র মঙ্গলবার আদালতে দেওয়া হয়েছে। যে ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে, তাদের মধ্যে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। বাপ্পি, ফয়সাল, আলমগীর, ফিলিপ, মুফতি মাহমুদ এবং ফয়সলের বোন জেসমিন পলাতক।

জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গেল ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য বের হওয়ার পর বিজয়নগর এলাকায় গিয়ে তিনি গুলিবিদ্ধ হন।

গুরুতর আহত হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করার পর রাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এর দুদিন পর এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকার পর গত ১৮ ডিসেম্বর হাদির মৃত্যুর খবর আসে।