...|...|...

বিশ্ব

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম মার্কিন সিনেটর, কে এই আবদুল আল-সাইয়েদ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, বিকেল ৪:৩৩ | আপডেট: ৪ নভেম্বর ২০২৬, বিকেল ৪:৪৮
Shares
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম মার্কিন সিনেটর, কে এই আবদুল আল-সাইয়েদ

আবদুল আল-সাইয়েদ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সেনেটে প্রথম মুসলিম হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন ৪২ বছর বয়সী ডেমোক্র্যাট প্রার্থী আবদুল আল-সাইয়েদ। মিশিগানে জন্ম নেওয়া মিশরীয় বংশোদ্ভূত এই মার্কিন নাগরিক বর্ণবাদী ও ইসলামবিদ্বেষী নানা আক্রমণের তোয়াক্কা না করেই ঐতিহাসিক জয় ছিনিয়ে এনেছেন।

জনস্বাস্থ্য খাতের সাবেক এই কর্মকর্তা মিশিগান বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে রোডস বৃত্তি নিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে জনস্বাস্থ্য বিষয়ে উচ্চতর ডিগ্রি নেন। পরে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করেন চিকিৎসা শাস্ত্রের ডিগ্রি। একজন মহামারি বিশেষজ্ঞ হিসেবেও পরিচিতি রয়েছে তার।

২০১৫ সালে ডেট্রয়েট শহরের স্বাস্থ্য বিভাগ পুনর্গঠনের দায়িত্ব পান এবং পরবর্তীতে ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত ওয়েইন কাউন্টির স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রশাসন থেকে রাজনীতিতে এসে ২০১৮ সালে মিশিগানের গভর্নর নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন না পেলেও, ২০২৬ সালের সেনেট নির্বাচনে তিনি ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হন। দলীয় প্রাথমিক নির্বাচনে কংগ্রেস সদস্য হ্যালি স্টিভেনসকে পরাজিত করে আলোচনায় আসা আল-সাইয়েদ সাধারণ নির্বাচনে সাবেক রিপাবলিকান কংগ্রেস সদস্য মাইক রজার্সকে পরাজিত করেন।

নির্বাচনী প্রচারে স্বাস্থ্যসেবা, অর্থনৈতিক বৈষম্য ও জীবনযাত্রার ব্যয় কমানোকে অগ্রাধিকার দেন আল-সাইয়েদ। তার স্পষ্ট বক্তব্য ছিল—স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, বরং মৌলিক অধিকার।

পাশাপাশি গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের কঠোর সমালোচনা করে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধের দাবি জানান তিনি। এ নিয়ে ট্রাম্পসহ রিপাবলিকান নেতাদের কটূক্তি ও রাজনৈতিক আক্রমণের শিকার হলেও আরব-মার্কিন ও মুসলিম ভোটারদের জোরালো সমর্থনে বিজয় সুনিশ্চিত করেন।

জয়ের পর দেওয়া ভাষণে করপোরেট প্রতিষ্ঠান ও ধনকুবেরদের প্রভাবের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন আল-সাইয়েদ। আগামী জানুয়ারিতে নতুন কংগ্রেসের অধিবেশন শুরু হলে প্রথম মুসলিম সেনেটর হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি।