যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ইরি শহরে একটি বাড়িতে বন্দুক হামলায় শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। পুলিশের প্রাথমিক ধারণা, অন্যদের হত্যার পর হামলাকারী নিজেও আত্মহত্যা করেছেন।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে শহরের একটি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, এক সশস্ত্র ব্যক্তি প্রথমে বাড়ির বাইরে নির্বিচারে গুলি চালান। পরে তিনি বাড়ির ভেতরে প্রবেশ করেন। গোলাগুলির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে রাস্তার ওপর দুই নারীর গুলিবিদ্ধ মরদেহ দেখতে পায় তারা।
পরে পুলিশ ও বিশেষ অস্ত্র ও কৌশলগত দল (সোয়াট) বাড়িটি ঘিরে ফেলে। এ সময় বাড়ির ভেতর থেকে আরও কয়েকটি গুলির শব্দ শোনা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর ভেতরে তল্লাশি চালিয়ে শিশুদের মরদেহসহ আরও ছয়জনের মরদেহ এবং সন্দেহভাজন হামলাকারীর মরদেহ উদ্ধার করা হয়। সব মিলিয়ে নিহতের সংখ্যা দাঁড়ায় নয়জনে।
ইরি শহরের পুলিশপ্রধান রিক লোরাহ ঘটনাটিকে তাঁর কর্মজীবনের সবচেয়ে হৃদয়বিদারক ও ভয়াবহ দৃশ্যগুলোর একটি হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং সাধারণ মানুষের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি নেই।
পুলিশের ধারণা, নিহতদের মধ্যে পরিবারের সদস্যরাও থাকতে পারেন। তবে হামলার পেছনে কী উদ্দেশ্য ছিল এবং কেন এ ঘটনা ঘটানো হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এ ঘটনায় ইরি শহরজুড়ে শোকের পরিবেশ বিরাজ করছে।
যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে। দেশটিতে বারবার প্রাণঘাতী হামলার পর অস্ত্র নিয়ন্ত্রণ আইন কঠোর করার দাবি উঠলেও এ বিষয়ে রাজনৈতিক বিতর্ক অব্যাহত রয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান


