ফিফার বিশেষ সিদ্ধান্তে নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়ে যুক্তরাষ্ট্রের হয়ে খেলতে নেমেছিলেন ফরোয়ার্ডফোলারিন বালোগুন। তবে শেষ পর্যন্ত বেলজিয়ামের কাছে বড় ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে যুক্তরাষ্ট্রকে।
শেষ ষোলোর ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারানোর পর বেলজিয়ামের রোমেলু লুকাকুর গোল উদযাপন নিয়েই এখন সবচেয়ে বেশি আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই লুকাকুর নাচকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে দেওয়া প্রতীকী বার্তা হিসেবে দেখছেন, যা এরই মধ্যে ভাইরাল হয়েছে।
বালোগুনকে ঘিরে নাটক শুরু হয়েছিল আগের ম্যাচে। লাল কার্ড দেখে এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছিলেন যুক্তরাষ্ট্রের এই স্ট্রাইকার। পরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে যোগাযোগ করার পর সেই নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত করা হয়। ফলে বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে মাঠে নামার সুযোগ পান বালোগুন।
ফিফার এই সিদ্ধান্ত নিয়ে ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয়। বিশেষ করে বেলজিয়ামের পক্ষ থেকে এ নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়। তবে মাঠের খেলায় বালোগুন নিজের সেরাটা দিতে পারেননি। শুরু থেকেই আধিপত্য ধরে রেখে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বেলজিয়াম।
ম্যাচে গোল করার পর লুকাকুর পরিচিত নাচ উদযাপন নতুন আলোচনার জন্ম দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক সমর্থক এটিকে ‘ট্রাম্প ড্যান্স’ হিসেবে উল্লেখ করেন।
বালোগুন ইস্যু যে বেলজিয়ামের খেলোয়াড়দের বাড়তি অনুপ্রেরণা দিয়েছিল, সেটিও জানিয়েছেন দলের মিডফিল্ডার ইউরি টিলেমানস। ম্যাচ শেষে তিনি বলেন, “খবরটি জানার পর আমরা দলীয় বৈঠক করেছিলাম। নিজেদের বলেছিলাম, মাঠেই এর জবাব দিতে হবে। আজ আমরা সেটাই করেছি। দলের জন্য আমি গর্বিত।”
তিনি আরও বলেন, “আমরা জানতাম, শুরু থেকেই তাদের চাপে ফেলতে পারলে তারা ভুল করবে। শেষ পর্যন্ত সেটিই হয়েছে।”
যুক্তরাষ্ট্রের বিদায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পকে ঘিরে নানা মিম ছড়িয়ে পড়ে। তবে সবকিছুকে ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল লুকাকুর গোল উদযাপন, যেটিকে অনেক সমর্থক বালোগুন বিতর্কের জবাব হিসেবে দেখছেন।

