...|...|...

ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:০২
Shares
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। 

এ নিয়ে চলতি বছরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ জনে। একই সময়ে নতুন করে ৫৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

মৃতরা হলেন ময়মনসিংহের ভালুকা উপজেলার রাশিদা খাতুন (৪২) ও গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকার জাফর আলী (৭০)।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক মো. মাইনুদ্দিন খান জানান, রাশিদা খাতুন ডেঙ্গুর উপসর্গ নিয়ে গত ১১ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

তিনি জানান, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২ হাজার ১৭৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৮ জনের মৃত্যু হয়েছে।

মাইনুদ্দিন খান বলেন, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ৫৮ জন ছাড়পত্র পেয়েছেন।

তিনি আরও জানান বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু আইসোলেশন ওয়ার্ডে ১৩১ জন রোগী ভর্তি রয়েছেন।

হাসপাতালে একদিনে নতুন রোগী ভর্তির পাশাপাশি সুস্থ হয়ে রোগীদের ছাড়পত্র দেওয়া হলেও ডেঙ্গুতে মৃত্যুর ঘটনায় উদ্বেগ বাড়ছে রোগী ও স্বজনদের মধ্যে। ডেঙ্গু প্রতিরোধে সচেতন হতে হবে ও বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।