...|...|...

জাতীয়

সংসদে জানালেন মন্ত্রী

মেট্রোরেলের ৪৬টি পিয়ারে ফাটল

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:৫৪ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:৫৫
Shares
মেট্রোরেলের ৪৬টি পিয়ারে ফাটল

মেট্রোরেল রুটের ৪৬টি পিয়ারে বিভিন্ন মাত্রায় ফাটল শনাক্ত হয়েছে। একই সঙ্গে ২৭টি ত্রুটিপূর্ণ বেয়ারিং প্যাডকে গুরুতর বা ‘ক্রিটিক্যাল’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান। তিনি বলেন, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটের মোট ৭৩০টি বেয়ারিং প্যাডে ত্রুটি পাওয়া গেছে। তবে এসব ত্রুটির সবগুলো গুরুতর নয়।

মন্ত্রী জানান, ৭৩০টি ত্রুটিপূর্ণ বেয়ারিং প্যাডের মধ্যে ১৪৭টির ত্রুটি ছোটখাটো হিসেবে চিহ্নিত হয়েছে। আরও ২৯৭টি প্যাডের ত্রুটি মূলত স্থাপনের সময়কার কারিগরি কাজের মানসংক্রান্ত। এর মধ্যে ২৭টি প্যাডকে গুরুতর ত্রুটিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নিরাপত্তা নিরীক্ষা কমিটি।

তিনি বলেন, নিরাপত্তা নিরীক্ষা কমিটির প্রতিবেদনে মেট্রোরেলের ৪৬টি পিয়ারে বিভিন্ন মাত্রায় ফাটল থাকার বিষয়টিও উঠে এসেছে। এসব ফাটলের ঝুঁকি নিরূপণ এবং মেরামতের কৌশল নির্ধারণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে কাঠামোগত পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে।

এদিকে, ত্রুটিপূর্ণ বেয়ারিং প্যাডের কারণে সম্ভাব্য ঝুঁকি কমাতে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। যেসব স্থানে বেয়ারিং প্যাড স্থানচ্যুত হওয়ার আশঙ্কা রয়েছে, এমন ১০টি স্থানে ইস্পাতের বন্ধনী স্থাপন করা হয়েছে। ২৭টি বেয়ারিং প্যাডের অবস্থা পর্যবেক্ষণের জন্য বসানো হয়েছে স্থিতি পরিমাপক চিহ্ন।

মন্ত্রী আরও জানান, চিহ্নিত ২৭টি গুরুতর ত্রুটিপূর্ণ বেয়ারিং প্যাড আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রতিস্থাপনের কর্মসূচি নেওয়া হয়েছে। পাশাপাশি মেট্রোরেল অবকাঠামোর ফাটল নিয়মিত পরিমাপ ও পর্যবেক্ষণের জন্য ১০২টি স্থানে ফাটল পরিমাপক যন্ত্র বসানো হচ্ছে। এসব যন্ত্র স্থাপনের কাজ ৩১ অক্টোবরের মধ্যে শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, নিরাপত্তা নিরীক্ষা কমিটির সুপারিশ বাস্তবায়নে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতেই ত্রুটিগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।