...|...|...

ঢাকা

মাদ্রাসাগুলোতে স্কুলের চেয়ে অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ৬ জুলাই ২০২৬, দুপুর ১২:৪৪ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, ভোর রাত ৪:২১
Shares
মাদ্রাসাগুলোতে স্কুলের চেয়ে অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। ছবি: সংগৃহীত

মাদ্রাসাগুলোতে স্কুলের চেয়ে অনেক ভালো লেখাপড়া হয় বলে দাবি করেছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান।

সোমবার (৬ জুলাই) দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলা হল রুমে শিক্ষার মানোন্নয়নে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, আজকে আপনারা শুনে অবাক হবেন অথবা অবাক হবেন না। আপনারা জানেন- এই যে মাদ্রাসাগুলো, আপনারা তো সরকারি, স্কুলে যান আর না যান। পড়াশোনা করান আর না করান মাস গেলে একটা বেতন আছে সরকারের। আপনার অবসরের পেনশন ও গ্র্যাচুইটি আছে। আছে না? কিন্তু বলুনতো মাদ্রাসায় কি কোনো সরকারি বেতন আছে, নাই। কোনো পেনশন ও গ্র্যাচুইটি নাই। আজকে মাদ্রাসাগুলোতে আপনাদের চেয়ে অনেক ভালো লেখাপড়া হয়। আপনি অবাক হয়ে যাবেন, বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী এখন মাদ্রাসার। কই তারা তো সরকারের কোনো অনুদান পায় না। 

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বলেন, প্রত্যেকটা মাদ্রাসার শিক্ষক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। এটা আমার আমানত মনে করে সরকারের বেতন ছাড়াই নানানভাবে যে সহযোগিতা পায়, সেখান থেকেই সামান্য কিছু কিছু বেতন পায়। বিভিন্ন জায়গায় কোরআন শিক্ষা দেয়। ওখান থেকে কিছু পায়। অনেক টেনে টুনে তার সংসার চলে। 

এছাড়া তিনি বলেন, মাদ্রাসায় এতো সুন্দর লেখাপড়া হয় যে এখন পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় সেখানে মাদ্রাসা শিক্ষকদের মাদ্রাসা থেকে পাস করা শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য। কিন্ডারগার্টেন থেকে পাস করে যারা ওপরে উঠেছে তাদের সংখ্যা উল্লেখযোগ্য। যারা ইংলিশ স্কুল থেকে পাস করেছে। ওই প্লেগ্রুপ, নার্সারি এবং ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন তাদের সংখ্যা উল্লেখযোগ্য। আপনাদের সংখ্যা যদি বলতে চাই যে ফ্রি প্রাইমারিতে শিক্ষার্থীরা কি শিখেছে। তারা ওপরে ওঠে কয়জন বিশ্ববিদ্যালয়ের দরজায় ঢুকতে পেরেছে। সেটা অত্যন্ত লজ্জাজনক। আমি কেন বলছি— যে আপনাদের অস্তিত্বে টান পড়েছে। কারণ একটা সময় ছিল, ইংলিশ স্কুল ছিল না পাকিস্তানের আমলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলমের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমান।