গতকাল রবিবার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার করার পর থেকে ফুঁসে উঠেছেন সিলেটবাসী। তাৎক্ষণিকভাবে সিলেট শহরের বিভিন্ন জায়গায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ বিষয়ে সিলেটের জনপ্রিয় অভিনেতা বেলাল আহমদ মুরাদ বলেন, ‘শাহজালাল মাজারের অনিয়ম আর দুর্নীতি বছরের পর বছর ধরে চলছে। এই অনিয়মের বিরুদ্ধে কথা বলায় বলির পাঁঠা হয়েছেন ডিসি সারওয়ার আলম। আমরা চাই জেলা প্রশাসক মহোদয়কে আবার পুনর্বহাল করা হোক।’
সিলেটের একজন বিশিষ্ট ব্যবসায়ী বলেন, ‘শাহজালাল মাজারে সব সময় মদ-গাঁজার আসর লেগেই থাকে। তাদের বিরুদ্ধে কথা বলায় তারা পেশিশক্তি খাটিয়ে ডিসি সরওয়ার আলমকে প্রত্যাহার করিয়েছে। তিনি একজন সৎ ও নীতিবান মানুষ ছিলেন।’
দরগাহ মহল্লার পায়রা এলাকার বাসিন্দা রফিক উল্লাহ বলেন, ‘ছোটবেলা থেকেই দরগাহ এলাকায় বড় হচ্ছি। রাত হলেই এখানে মদ-জুয়ার আসর বসে। এর বিরুদ্ধে কেউ কথা বললেই তাকে চলে যেতে হচ্ছে। আমরা চাই দরগাহের এই অনাচার অতিদ্রুত বন্ধ হোক এবং ডিসি সরওয়ারকে পুনরায় ফিরিয়ে আনা হোক।’
মাজারে ঘুরতে আসা এক পর্যটক জানান, ‘এখানে আমরা ঘুরতে আসি, কিন্তু মদ-গাঁজা আর উদ্ভট পরিবেশ আমাদের বিব্রত করে। আমরা চাই এই পবিত্র স্থান সর্বদা পরিচ্ছন্ন থাকুক এবং এসব অনিয়ম বন্ধ করা হোক।’
উল্লেখ্য, গত বছর ১৮ আগস্ট তিনি সিলেটে এসে যোগদান করেছিলেন। সাদাপাথর কাণ্ড, সিলেট শহরের ফুটপাতের হযবরল অবস্থা, সিলেটবাসীর সব সমস্যা তুড়ি মেরে সমাধান করেছিলেন তিনি। জেলা প্রশাসক সারওয়ার আলমের বদলির খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় বইছে।


