চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকায় মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের সংঘর্ষে এক দম্পতি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ৫টার দিকে নগরীর মুরাদপুর কনভেনশন হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মো. নাজিম উদ্দিন (৪৮) ও তার স্ত্রী তাসলিমা আক্তার (৪০)। নাজিম উদ্দিন নগরীর বাকলিয়া উইলস স্টার স্কুলের প্রধান শিক্ষক এবং তার স্ত্রী একই স্কুলের উপাধ্যক্ষ ছিলেন।
তাদের স্থায়ী নিবাস চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া এলাকার তালুকদার বাড়িতে হলেও তারা নগরীর চকবাজার থানার ডিসি রোড এলাকার হাজী বিল্ডিংয়ে থাকতেন।
উদ্ধারকারী শহিদুল ইসলাম জানান, মুরাদপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী দুজনকে গুরুতর আহত অবস্থায় পথচারীদের সহযোগিতায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এন মোহাম্মদ কনভেনশন হলের সামনে একটি মোটরসাইকেলকে কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা স্বামী-স্ত্রী গুরুতর আহত হন। পথচারীদের সহায়তায় তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে কি না এবং চালককে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে পুলিশ ঘটনাটির কারণ অনুসন্ধান করছে বলে ওসি মো. জাহেদুল ইসলাম জানিয়েছেন।


