...|...|...

জাতীয়

মাংস বিক্রি করতে হলে থাকতে হবে ‘পরীক্ষিত’ সিল: ডিএসসিসি প্রশাসক

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, দুপুর ২:০২ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:১৩
Shares
মাংস বিক্রি করতে হলে থাকতে হবে ‘পরীক্ষিত’ সিল: ডিএসসিসি প্রশাসক

ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্ধারিত দোকানে মাংস বিক্রি করতে হবে এবং প্রতিটি মাংসে সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তার পরীক্ষার সিল থাকতে হবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। সিল দেখেই ক্রেতারা মাংস পরীক্ষিত কি না, তা বুঝতে পারবেন বলে জানান তিনি।

সোমবার (৩১ আগস্ট) রাজধানীর হাজারীবাগে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, মাংস পরীক্ষিত কি না, তা নিশ্চিত করতে প্রতিটি মাংসে ঢাকা সিটি করপোরেশনের সিল থাকতে হবে। সিল ছাড়া মাংস বিক্রি হলে তা জব্দ করা হবে। একই সাথে অননুমোদিতভাবে পশু জবাই করে মাংস বিক্রি করা দোকানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

ডিএসসিসি প্রশাসক বলেন, নির্ধারিত জবাইখানার বাইরে বিভিন্ন বাজারে পশু জবাই করা যাবে না। কেউ অননুমোদিত স্থানে পশু জবাই করলে তাকে জরিমানা করা হবে। অবৈধভাবে জবাই করা মাংস কোনো দোকানে বিক্রি হলে সেই দোকান বন্ধ করে দেওয়া হবে।

তিনি বলেন, অন্য জায়গা থেকে মাংস আনা হলে পশুটি ঠিকমতো জবাই করা হয়েছে কি না, পশুটি সুস্থ ছিল কি না বা কোনো রোগ ছিল কি না, এসব জানার সুযোগ থাকে না। এমনকি গরুর নামে মহিষ বিক্রি করা হচ্ছে কি না, সেটিও নিশ্চিত করা সম্ভব হয় না।

এসব বিষয় নিশ্চিত করতে নির্ধারিত জবাইখানায় পশু জবাই করার ওপর গুরুত্ব দেন তিনি। জবাইখানায় পশু জবাইয়ের সময় স্বাস্থ্য কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করার কথাও জানান ডিএসসিসি প্রশাসক।

তিনি বলেন, দায়িত্ব পালনের সময় কোনো স্বাস্থ্য কর্মকর্তা বা কর্মচারী অনুপস্থিত থাকলে তার বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে।