মক্কা-মদিনার ওপর যদি হুমকি আসে তবে বাংলাদেশ বসে থাকবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, অবশ্যই তাদের জন্য সাহায্যের হাত আমরা বাড়িয়ে দেব।
সোমবার (১২ অক্টোবর) রাজধানীর বিস মিলনায়তনে এক সেমিনারের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেছেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস–বিস) ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে দিক নির্ণয়ের পথরেখা’ শীর্ষক ওই সেমিনারের আয়োজন করে।
‘আমরা তো মক্কা প্যাক্টে যোগ দেওয়ার জন্য একধরনের সিদ্ধান্ত নিয়েছি, যদি এই মুহূর্তে সৌদি আরবের প্রয়োজন হয় এবং তারা আমাদের কাছ থেকে সৈন্য চায়, আমরা কি সেটা পাঠাব’, এমন এক প্রশ্নের উত্তরে শামা ওবায়েদ বলেন, ‘আমরা মক্কা প্যাক্টে এখনো যোগ দিইনি। হ্যাঁ, আপনি তখনই বলতে পারেন যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যখন এটা আমরা কোনো মানে আনুষ্ঠানিকভাবে এটা হবে, কিন্তু আমরা মক্কা প্যাক্টে এখনো যোগ দিইনি, তো সেখানে সৈন্য পাঠানোর প্রশ্ন এই মুহূর্তে উঠছে না।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘কিন্তু আমরা অবশ্যই আপনারা দেখবেন যে সৌদি আরবে এই ঘটনাটা যেটা ঘটছে, সেটা আমরা সৌদি আরবের সরকার এবং সৌদি আরবের মানুষের প্রতি আমরা একাত্মতা ঘোষণা করেছি, এটা আমরা অবিলম্বে বন্ধ চাই। আমাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সৌদি আরবের ক্রাউন প্রিন্সকে চিঠিও দেওয়া হয়েছে। সুতরাং আমরা এটা অবিলম্বে বন্ধ চাই, সৌদি আরবের মানুষের পাশে আমরা আছি, সরকারের পাশে আমরা আছি।’
মক্কা-মদিনার নিরাপত্তার বিষয়ে বাংলাদেশ সহায়তা করবে কি না, জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, ‘অবশ্যই, তারা যদি মক্কা-মদিনা যদি-এটা তো আমাদের, আমরা যারা মুসলমান, আমরা যারা সারা বিশ্বে একটা সংহতি নিয়ে আছি, সারা বিশ্ব-আমরা মুসলমানরা, তারা তো অবশ্যই মক্কা-মদিনার ব্যাপারে শুধু আমাদের একটা ডিপ্লোমেসি (কূটনীতি) না, আমাদের একটা আবেগও তার ওপরে কাজ করে। সেই জায়গাটা থেকে অবশ্যই আমরা মক্কা-মদিনার যদি এ রকম কোনো থ্রেট (হুমকি) আসে, সেটা বাংলাদেশি যারা আমরা মেজরিটি (সংখ্যাগরিষ্ঠ) মুসলমান আছি, আমরা তো বসে থাকব না। অবশ্যই তাদের সাহায্যের জন্য হাত আমরা বাড়িয়ে দেব।’
ইরানপন্থী ইয়েমেনের হুতি গোষ্ঠীর সাথে কয়েক বছর ধরে সংঘাতে জড়িত রয়েছে সৌদি আরব। মধ্যপ্রাচ্যে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্যে সৌদি–হুতি সংঘাত আরও জোরালো হয়েছে। সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে গত শনিবার দুই বাংলাদেশিসহ অন্তত ১৪ জন হুতিদের হামলায় নিহত হন। এরপর গতকাল আবার ওই বিমানবন্দরে হামলা হয়েছে, যাতে একজন নিহত হয়েছেন।


