...|...|...

লাইফস্টাইল

ভূমিকম্পের সময় যা করবেন

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ভোর রাত ৫:২১ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:৪১
Shares
ভূমিকম্পের সময় যা করবেন

সম্প্রতি সময়ে রাজধানী ঢাকাসহ সারা দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (২৪ জুন) দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় পর পর দুইবার শক্তিশালি ভূমিকম্প অনুভূত হয়েছে। এর পরে জাপান, ব্রাজিল ও যুক্তরাষ্ট্রেও ভূমিকম্প অনুভূত হওয়ার কথা জানা গেছে।

ভূমিকম্পের সময় আতঙ্কে অনেকেই ভবন থেকে লাফিয়ে পড়েন বা দ্রুত বাইরে বের হওয়ার চেষ্টা করেন, যার ফলে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়।

বিশেষজ্ঞ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী, ভূমিকম্পের সময় সঠিক পদক্ষেপ জানা থাকলে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব। 

ঘরের ভেতরে থাকলে করণীয়

ভূমিকম্প শুরু হলে প্রথম কাজ হলো আতঙ্কিত না হয়ে দ্রুত “ড্রপ, কভার অ্যান্ড হোল্ড অন” পদ্ধতি অনুসরণ করা।

অর্থাৎ—

  • মেঝেতে বসে পড়ুন
  • শক্ত টেবিল, ডেস্ক বা আসবাবের নিচে আশ্রয় নিন
  • মাথা ও ঘাড় দুই হাত দিয়ে শক্তভাবে ঢেকে রাখুন

যদি টেবিল না থাকে, ঘরের ভেতরের শক্ত দেয়ালের পাশে (বিম বা কলামের কাছে) বসে মাথা সুরক্ষিত রাখতে হবে।

যা করা যাবে না:

  • দৌড়ে বাইরে বের হওয়ার চেষ্টা করা যাবে না
  • লিফট ব্যবহার করা যাবে না
  • জানালা, কাঁচ, ভারী আলমারি বা ঝুলন্ত জিনিসের কাছে থাকা যাবে না

রান্নাঘরে থাকলে দ্রুত গ্যাসের চুলা বন্ধ করা অত্যন্ত জরুরি।

বাইরে থাকলে করণীয়

ভূমিকম্পের সময় খোলা জায়গায় চলে যাওয়াই সবচেয়ে নিরাপদ।

  • গাছ, ভবন, দেয়াল ও বিদ্যুতের খুঁটি থেকে দূরে থাকতে হবে
  • ফাঁকা মাঠ বা খোলা স্থানে অবস্থান করতে হবে
  • ভবনের নিচে বা সেতুর কাছে দাঁড়ানো যাবে না

গাড়িতে থাকলে করণীয়

  • গাড়ি ধীরে ও নিরাপদ স্থানে থামাতে হবে
  • সেতু, ফ্লাইওভার বা বড় গাছের নিচে থামানো যাবে না
  • কম্পন থামা পর্যন্ত গাড়ির ভেতরেই থাকতে হবে

ধ্বংসস্তূপে আটকে গেলে

  • আতঙ্কিত না হয়ে শান্ত থাকতে হবে
  • চিৎকার না করে দেয়াল বা ধাতব বস্তুর ওপর টোকা দিয়ে সংকেত দিতে হবে
  • নাক–মুখ কাপড় দিয়ে ঢেকে ধুলাবালি থেকে রক্ষা পেতে হবে

ভূমিকম্পের পর করণীয়

  • মূল কম্পন থামার পর সতর্কভাবে বাইরে বের হতে হবে
  • আফটারশকের সম্ভাবনা থাকায় সাবধান থাকতে হবে
  • গ্যাস লিকেজ ও বিদ্যুৎ সংযোগ পরীক্ষা করে প্রয়োজন হলে বন্ধ করতে হবে
  • ক্ষতিগ্রস্ত ভবনে পুনরায় প্রবেশ করা থেকে বিরত থাকতে হবে

বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্প পূর্বাভাস দেওয়া না গেলেও সচেতনতা ও সঠিক প্রস্তুতি প্রাণহানি উল্লেখযোগ্যভাবে কমাতে পারে।