আগামী দুই থেকে তিনদিন দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হলেও এরপর এ বছর আর উল্লেখযোগ্য ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
আগস্টের ৯ তারিখের পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমে আসবে এবং সেপ্টেম্বর পর্যন্ত কেবল বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বর্তমানে বর্ষা মৌসুমের মাঝামাঝি সময় চলছে। যদিও ঋতুচক্র অনুযায়ী আষাঢ় ও শ্রাবণকে বর্ষাকাল ধরা হয়, তবে আবহাওয়া অধিদফতরের হিসেবে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত চার মাসই বর্ষা মৌসুম।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, আগামী দুই থেকে তিনদিন সারাদেশেই মোটামুটি বৃষ্টি হবে। এরপর বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে যাবে। সে অনুযায়ী বলা যায়, আগস্টের ৯ তারিখ থেকে সেপ্টেম্বর পর্যন্ত উল্লেখযোগ্য হারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কম।
এদিকে, তাপমাত্রা তুলনামূলক কম থাকলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরমের অনুভূতি বেশি হচ্ছে। এ বিষয়ে তিনি বলেন, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় প্রকৃত তাপমাত্রার তুলনায় মানুষের শরীরে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি গরম অনুভূত হয়। ঘাম সহজে শুকাতে না পারায় অস্বস্তিও বাড়ে।
আগস্টের শেষ দিক থেকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমতে শুরু করবে। এর ফলে গরমের তীব্রতা ও ভ্যাপসা আবহাওয়ার অস্বস্তিও ধীরে ধীরে কমে আসবে বলে আশা করা হচ্ছে।

