...|...|...

খেলা

'ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত আমারই ছিল', বললেন আসিফ নজরুল

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:১২
Shares
'ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত আমারই ছিল', বললেন আসিফ নজরুল

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের না যাওয়ার সিদ্ধান্তে নতুন মোড় এসেছে। বিসিবি ও ক্রিকেটারদের ওপর সিদ্ধান্ত নেওয়ার দায় চাপানোর সাত মাস পর অবশেষে দায় স্বীকার করলেন সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তবে একই সাথে এই ঘটনা তদন্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সাবেক সরকারের এই সিদ্ধান্তের তদন্তে গঠিত তিন সদস্যের কমিটি ২২ পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, কারো সাথে আলোচনা না করে তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এককভাবে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত চাপিয়ে দেন।

প্রতিবেদন প্রকাশের পর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক দীর্ঘ স্ট্যাটাসে আসিফ নজরুল দাবি করেন, ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তটি ক্রীড়ামন্ত্রী হিসেবে মূলত তারই ছিল।

আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় দেশের মর্যাদা ও নিরাপত্তাহীনতার শঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল জানিয়ে তিনি লেখেন, ‘আমি নিজেই এ কথা একাধিকবার প্রকাশ্যে বলেছি। তাই এতদিন পর ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক বিষয়টি তদন্ত করে তা প্রকাশের কারণ বুঝলাম না।’

তবে পূর্বের অবস্থান থেকে সরে আসার কারণ হিসেবে তিনি তৎকালীন নির্বাচন ও ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি তুলে ধরেন এবং নিজের নেওয়া সিদ্ধান্তকে সঠিক বলে দাবি করেন।

উল্লেখ্য, এর আগে গত ১০ ফেব্রুয়ারি আসিফ নজরুল দাবি করেছিলেন বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত বিসিবি ও ক্রিকেটাররা যৌথভাবে নিয়েছেন। তার এমন বক্তব্যের পরপরই ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ জাতীয় দলের কোচ মোহাম্মদ সালাহউদ্দিন তাকে প্রকাশ্যে ‘মিথ্যুক’ আখ্যা দিয়ে কড়া সমালোচনা করেছিলেন।