ভারতীয় নাগরিকদের জন্য ৩০ দিনের ভিসামুক্ত প্রবেশ সুবিধা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। আগামী বছরের ১ জানুয়ারি থেকে দেশটিতে ভ্রমণ করতে হলে ভারতীয় পাসপোর্টধারীদের আগাম ভিসা নিতে হবে। এর ফলে চলতি বছরের ৩১ ডিসেম্বরের পর থেকে বিদ্যমান ভিসা অব্যাহতি সুবিধার অবসান ঘটতে যাচ্ছে।
শুক্রবার (২০ নভেম্বর) মালয়েশিয়ার পার্লামেন্টে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল। তিনি বলেন, দেশটিতে প্রবেশের আগে বিদেশি নাগরিকদের আরও কঠোরভাবে যাচাই-বাছাই করার লক্ষ্যেই ভারতীয়দের জন্য ৩০ দিনের ভিসা অব্যাহতি সুবিধা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত ১৭ নভেম্বর মালয়েশিয়ার অভিবাসন বিভাগ (জেআইএম) এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানায়। নতুন নিয়ম অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর থেকে মালয়েশিয়ার সরকারি অনলাইন পোর্টাল ‘মাইভিসা’র (MyVISA) মাধ্যমে ভিসার আবেদন করতে পারবেন ভারতীয় নাগরিকেরা। আবেদনের ক্ষেত্রে নির্ধারিত ফি জমা দিতে হবে, যা আবেদন প্রত্যাখ্যান হলে বা ভ্রমণ পরিকল্পনা বাতিল হলেও ফেরত দেওয়া হবে না।
২০২৩ সালের ডিসেম্বরে পর্যটন খাতকে চাঙা করতে ভারতীয় নাগরিকদের জন্য সর্বোচ্চ ৩০ দিনের ভিসামুক্ত প্রবেশ সুবিধা চালু করেছিল মালয়েশিয়া। পর্যটন, ব্যবসা ও সামাজিক প্রয়োজনে এই সুবিধায় দেশটিতে যাতায়াত করতে পারতেন ভারতীয়রা। তবে সাম্প্রতিক সময়ে এই সুবিধার অপব্যবহার নিয়ে উদ্বেগ তৈরি হয়।
গত সেপ্টেম্বরে কুয়ালালামপুরে অবস্থিত ভারতীয় হাইকমিশন এক সতর্কবার্তায় জানায়, উল্লেখযোগ্যসংখ্যক ভারতীয় নাগরিক ৩০ দিনের ভিসামুক্ত সুবিধা ব্যবহার করে মালয়েশিয়ায় চাকরি খুঁজতে যাচ্ছেন। পর্যটন ভিসার সুবিধায় কাজের সন্ধান করা অভিবাসন আইনের লঙ্ঘন উল্লেখ করে হাইকমিশন সতর্ক করেছিল যে অসাধু চক্রের প্রলোভনে পড়ে অনেকেই সেখানে গিয়ে অবৈধ অবস্থান, প্রতারণা, আটক ও আইনি জটিলতার মুখে পড়তে পারেন।

