এশিয়ান গেমসের ভারতীয় স্কোয়াডে সুযোগ পাওয়া তরুণ ক্রিকেটার বিপরাজ নিগামের বিরুদ্ধে গুরুতর যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। ভারত-জাপান প্রদর্শনী ম্যাচে তার জাতীয় দলের জার্সিতে অভিষেকের সম্ভাব্য সময়ের ঠিক আগে সোমবার (২১ সেপ্টেম্বর) এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে প্রকাশ, গৌতম বুদ্ধ নগরের এক্সপ্রেসওয়ে থানায় বিপরাজের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন এক তরুণী।
অভিযোগকারী তরুণীর দাবি, ২০২৫ সালের মে মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে গত বছরের ২৯ জুলাই নয়ডার একটি হোটেলে নিয়ে তাকে নির্যাতন ও ধর্ষণ করেন এই ক্রিকেটার।
এই ঘটনায় গত বছরের ১৬ ডিসেম্বর থানায় আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেন ওই তরুণী। এছাড়া সাম্প্রতিক সময়ে ওই তরুণী ক্রিকেটারের বাড়িতেও গিয়েছিলেন বলে জানা গেছে।
অন্যদিকে, এই ঘটনার অনেক আগে থেকেই দুই পক্ষের মধ্যে বিরোধ ও আইনি লড়াই চলছে। গত বছরের ৮ নভেম্বর তরুণীর বিরুদ্ধে বারাবাঁকি কোতোয়ালি থানায় উল্টো অভিযোগ করেছিলেন বিপরাজ। তার দাবি ছিল, বিভিন্ন নম্বর থেকে ফোন করে তাকে হয়রানি করা হচ্ছে এবং মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হচ্ছে।
ক্রিকেট অঙ্গনেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এশিয়ান গেমসের দলে বরুণ চক্রবর্তীর পরিবর্তে সুযোগ পেয়েছেন বিপরাজ। উত্তরপ্রদেশের হয়ে ছয়টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা সম্পন্ন এই অলরাউন্ডার আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে ১৯ ম্যাচে ১৩ উইকেট শিকার করেছেন।
তবে আইনি প্রক্রিয়া ও অভিযোগগুলোর বিষয়ে তদন্ত এখনও চলমান থাকায় আদালত থেকে এ বিষয়ে চূড়ান্ত কোনো রায় বা প্রমাণ এখনও আসেনি।


