...|...|...

চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় দেড়কোটি টাকার ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:০৭ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:০১
Shares
ব্রাহ্মণবাড়িয়ায় দেড়কোটি টাকার ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্যসহ একটি ট্রাক জব্দ করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।  

বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। 

এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাককে সন্দেহজনক মনে হলে থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে ট্রাক থেকে ভারতীয় উন্নতমানের কম্বল ১৩৭ পিস, Red Bull এনার্জি ড্রিংকস ১ হাজার ৫৬৯ ক্যান, চকলেট ১৮ হাজার ২৪৩ পিস এবং উন্নতমানের সানগ্লাস ৮ হাজার ৪৫০ পিস উদ্ধার করা হয়। এ ছাড়া চোরাচালানে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়। 

আটককৃত ভারতীয় চোরাচালানি পণ্য ও ট্রাকের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৬৩ লাখ ৬৪ হাজার ৪০ টাকা। আটক মালামাল ও ট্রাক আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

এদিকে, সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ অন্যান্য বিওপির সদস্যরাও পৃথক অভিযান পরিচালনা করে গত রাতে ১০ কেজি গাঁজা, ২৮ বোতল বিদেশি মদ এবং ৫৭ বোতল বিয়ার আটক করেন। 

এ বিষয়ে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন,ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্য আটক করা হচ্ছে।